নিউজ প্রবাসী ডেক্স:
মাদক নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি মোকাবিলায় সরকার অনুমোদন দিলে প্রয়োজনে ক্রসফায়ারের পথেও পুলিশ যেতে পারে বলে মন্তব্য করেছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। তিনি বলেছেন, আইন ও সংবিধান অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়াই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্ব।
সোমবার (২৬ অক্টোবর) দুপুরে রাজধানীর চকবাজারে ‘কমিউনিটি ইসলামিক ব্যাংক সিস্টেম’-এর আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন আইজিপি।
শেখ হাসিনার দেশে ফেরার প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, কে দেশে ফিরবেন বা এ নিয়ে কী পরিস্থিতি তৈরি হবে, তা নিয়ে সিদ্ধান্ত নেওয়া আইনশৃঙ্খলা বাহিনীর কাজ নয়। আইন ও সংবিধান অনুযায়ী যে পরিস্থিতিতে যে ব্যবস্থা নেওয়া প্রয়োজন, পুলিশ তা-ই করবে। ক্রসফায়ারের প্রয়োজন হলে এবং সরকার অনুমোদন দিলে পুলিশ সেই পদক্ষেপ নেবে বলেও মন্তব্য করেন তিনি।
পুলিশের দায়িত্ব পালনের পরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করে আইজিপি বলেন, পুলিশ কঠোর ব্যবস্থা নিলে সমালোচনা হয়, আবার নিষ্ক্রিয় থাকলেও দুর্বলতার অভিযোগ ওঠে। তাই আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে দায়িত্ব পালনের উপযুক্ত পরিবেশ দিতে হবে। শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় পুলিশের ভূমিকা গুরুত্বপূর্ণ বলেও উল্লেখ করেন তিনি।
দেশে মাদকের বিস্তার এবং মাদক কারবারে পুলিশের কিছু সদস্যের সম্পৃক্ততার অভিযোগ নিয়েও কথা বলেন আইজিপি। তাঁর ভাষ্য, গত দুই মাসে এ ধরনের অভিযোগের প্রেক্ষাপটে ২৭ পুলিশ সদস্যকে বরখাস্ত করা হয়েছে। পুলিশের অভ্যন্তরীণ শৃঙ্খলা বজায় রাখতে আগে নিজেদের মধ্যে থাকা অনিয়ম দূর করা প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি।
আইজিপি আরও বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, সামাজিক স্থিতিশীলতা এবং অর্থনৈতিক অগ্রগতি নিশ্চিত করতে সবার সম্মিলিত সহযোগিতা দরকার। পুলিশ বাহিনীও জনগণের নিরাপত্তা ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে।