নিউজ প্রবাসী ডেক্স:

দেশে ডেঙ্গুর সংক্রমণ ও প্রাণহানি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় মশাবাহিত এ রোগে আরও ৯ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৯৮২ জন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪০৯ জনে। আর হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ছাড়িয়েছে ১ লাখ ৩০ হাজার।

স্বাস্থ্য অধিদপ্তরের ২৮ অক্টোবর প্রকাশিত তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছেন ঢাকা বিভাগে। এ বিভাগে নতুন করে ৮১৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে মারা গেছেন ছয়জন।

এ ছাড়া চট্টগ্রাম বিভাগে ৩১৩ জন রোগী ভর্তি হয়েছেন এবং একজনের মৃত্যু হয়েছে। খুলনা বিভাগে ২১৪ জন ভর্তি হওয়ার পাশাপাশি একজন মারা গেছেন। রাজশাহী বিভাগে নতুন করে ২১৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন; এ বিভাগেও একজনের মৃত্যু হয়েছে।

বিভাগভিত্তিক হিসাবে, বরিশালে ১৯৪ জন, রংপুরে ১১৬ জন, ময়মনসিংহে ৮৪ জন এবং সিলেটে ২৮ জন ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান বলছে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৮ অক্টোবর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ১ লাখ ৩০ হাজার ২১৯ জন। তাঁদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ২৩ হাজার ৬০৫ জন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৬ হাজার ২০৫ জন।

চলতি বছরে ডেঙ্গুতে সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে ঢাকা বিভাগে। ঢাকা শহরসহ এ বিভাগে মারা গেছেন ১৯২ জন। খুলনা বিভাগে ৭৭ জন, চট্টগ্রামে ৪০ জন, ময়মনসিংহে ৩৩ জন, বরিশালে ২৯ জন, রাজশাহীতে ২৮ জন, রংপুরে সাতজন এবং সিলেটে তিনজনের মৃত্যু হয়েছে।

ক্রমাগত সংক্রমণ ও হাসপাতালে রোগীর চাপের মধ্যে ডেঙ্গু প্রতিরোধে মশার প্রজননস্থল ধ্বংস এবং আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার গুরুত্ব আবারও সামনে এসেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts