নিউজ প্রবাসী ডেক্স:
সংঘাত নিরসনে শান্তি আলোচনা শুরুর সম্ভাবনার খবরে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম কমেছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দিনের শুরুতে অপরিশোধিত তেলের দুই প্রধান আন্তর্জাতিক সূচক ব্রেন্ট ক্রুড ও ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দর নিম্নমুখী হয়।
ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৮২ সেন্ট বা শূন্য দশমিক ৭ শতাংশ কমে ১১৪ ডলার ৫০ সেন্টে দাঁড়িয়েছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের ডব্লিউটিআই তেলের দাম ব্যারেলপ্রতি ১ ডলার ৪ সেন্ট বা ১ শতাংশ কমে হয়েছে ১০১ ডলার ৭৪ সেন্ট।
এই দরপতনে আগের দিনের মূল্যবৃদ্ধির একাংশ কমে এসেছে। বাজারসংশ্লিষ্টদের ধারণা, সংঘাতের অবসান ও শান্তি আলোচনার সম্ভাবনা তেলের সরবরাহ নিয়ে উদ্বেগ কিছুটা কমিয়েছে। এর প্রভাব পড়েছে আন্তর্জাতিক বাজারে।
তবে পরিস্থিতি পুরোপুরি স্বস্তিদায়ক নয়। ইয়েমেনসহ বিভিন্ন অঞ্চলে সংঘাত অব্যাহত থাকায় জ্বালানি তেলের সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। নতুন করে সংঘাত বাড়লে সরবরাহ সংকট তৈরি হতে পারে, যার প্রভাবে আবারও বাড়তে পারে তেলের দাম।
ফলে সাম্প্রতিক দরপতন সত্ত্বেও বিশ্ববাজারে জ্বালানি তেলের ভবিষ্যৎ মূল্য পরিস্থিতি অনেকটাই নির্ভর করছে সংঘাতের গতিপ্রকৃতি ও শান্তি আলোচনার অগ্রগতির ওপর।