
নিউজ প্রবাসী ডেক্স :
দীর্ঘদিনের উত্তেজনা ও সামরিক সংঘাতের পর শান্তির পথে বড় অগ্রগতি অর্জন করেছে যুক্তরাষ্ট্র ও ইরান। দুই দেশের প্রতিনিধিরা যুদ্ধ পরিস্থিতির অবসান ঘটাতে একটি প্রাথমিক সমঝোতা স্মারকে (এমওইউ) একমত হয়েছেন বলে জানা গেছে।
প্রস্তাবিত সমঝোতার আওতায় ইরানের ওপর আরোপিত মার্কিন নৌ-অবরোধ সাময়িকভাবে স্থগিত করা হবে। একই সঙ্গে বৈশ্বিক বাণিজ্যের জন্য গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি পুনরায় আন্তর্জাতিক নৌযান চলাচলের জন্য উন্মুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
চুক্তির খবরে আন্তর্জাতিক জ্বালানি বাজারে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা গেছে। মধ্যপ্রাচ্যে উত্তেজনা প্রশমনের প্রত্যাশায় তেলের দাম নিম্নমুখী হয়েছে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে দাবি করেছেন, ইরানের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ সমঝোতা সম্পন্ন হয়েছে। অপরদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ জানিয়েছেন, উভয় পক্ষ আলোচনার মাধ্যমে চূড়ান্ত সমঝোতায় পৌঁছেছে।
কূটনৈতিক সূত্রগুলো বলছে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান শান্তি আলোচনায় মধ্যস্থতাকারীর দায়িত্ব পালন করছে পাকিস্তান। আগামী শুক্রবার সুইজারল্যান্ডে আনুষ্ঠানিকভাবে সমঝোতা স্মারকে স্বাক্ষর হওয়ার কথা রয়েছে।
তবে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। বিষয়টি ভবিষ্যৎ আলোচনার জন্য রেখে দেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।