
নিউজ প্রবাসী ডেক্স :
ইন্দোনেশিয়ার সুলাওয়েসি দ্বীপে শক্তিশালী ভূমিকম্পে একজনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন অন্তত ৩৮ জন। মঙ্গলবার সকালে আঘাত হানা ৬ দশমিক ৭ মাত্রার এ ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর জানিয়েছে দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ।
ইন্দোনেশিয়ার আবহাওয়া ও ভূ-ভৌতিক সংস্থা (বিএমকেজি) জানায়, ভূমিকম্পটির উপকেন্দ্র ছিল পালু শহরের প্রায় ৪২ কিলোমিটার দক্ষিণ-পূর্বে এবং উৎপত্তিস্থলের গভীরতা ছিল ১০ কিলোমিটার। ভূমিকম্পের তীব্রতায় আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার তথ্য অনুযায়ী, সিগি অঞ্চলে একজন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন অন্তত ৩৮ জন। কম্পনের ফলে কেন্দ্রীয় সুলাওয়েসির বিভিন্ন এলাকায় সড়ক, সেতু, মসজিদ, মন্দির, সরকারি ভবন ও অন্তত ৬৭টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।
তবে ভূমিকম্পের পর সুনামির কোনো সতর্কতা জারি করা হয়নি এবং সমুদ্রেও অস্বাভাবিক পরিস্থিতি দেখা যায়নি বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
প্রসঙ্গত, ২০১৮ সালে একই অঞ্চলে ৭ দশমিক ৫ মাত্রার ভয়াবহ ভূমিকম্প ও পরবর্তী সুনামিতে কয়েক হাজার মানুষের প্রাণহানি ঘটে। সেই স্মৃতি এখনও সুলাওয়েসির মানুষের মনে আতঙ্ক জাগায়।
ভূতাত্ত্বিকভাবে ইন্দোনেশিয়া ‘প্যাসিফিক রিং অব ফায়ার’ অঞ্চলের অন্তর্ভুক্ত হওয়ায় দেশটি প্রায়ই ভূমিকম্প ও আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের ঝুঁকিতে থাকে। বিশেষজ্ঞরা বলছেন, সাম্প্রতিক এ ভূমিকম্প আবারও দেশটির দুর্যোগ প্রস্তুতির গুরুত্ব সামনে নিয়ে এসেছে।