নিউজ প্রবাসী ডেক্স:
চলতি অক্টোবর মাসের প্রথম ২৮ দিনে দেশে ২৬৫ কোটি ৬০ লাখ মার্কিন ডলারের রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। বাংলাদেশি মুদ্রায় প্রতি ডলার ১২৩ টাকা হিসাবে এর পরিমাণ দাঁড়ায় ৩২ হাজার ৬৬৮ কোটি ৮০ লাখ টাকা। গত বছরের একই সময়ের তুলনায় এ সময়ে প্রবাসী আয় বেড়েছে ১৩ দশমিক ৫০ শতাংশ।
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান মঙ্গলবার (২৭ অক্টোবর) এ তথ্য জানান।
কেন্দ্রীয় ব্যাংকের হিসাব অনুযায়ী, গত বছরের অক্টোবরের প্রথম ২৮ দিনে দেশে প্রায় ২৩৪ কোটি ডলারের রেমিট্যান্স এসেছিল। সেই হিসাবে চলতি বছরের একই সময়ে প্রবাসী আয় বেড়েছে প্রায় ৩১ কোটি ৬০ লাখ ডলার।
চলতি ২০২৬-২৭ অর্থবছরের শুরু থেকেও রেমিট্যান্স প্রবাহে ঊর্ধ্বমুখী ধারা দেখা যাচ্ছে। গত ১ জুলাই থেকে ২৮ অক্টোবর পর্যন্ত দেশে মোট ১ হাজার ১২৪ কোটি ৭০ লাখ ডলারের প্রবাসী আয় এসেছে। আগের অর্থবছরের একই সময়ে এ পরিমাণ ছিল ৯৯২ কোটি ৫০ লাখ ডলার। অর্থাৎ, এ সময়ে রেমিট্যান্স বেড়েছে ১৩ দশমিক ৫ শতাংশ।
এর আগে সেপ্টেম্বর মাসে দেশে ২৭৬ কোটি ৬০ লাখ ডলারের রেমিট্যান্স এসেছিল। অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে প্রবাসী আয় ছিল ২৮৫ কোটি ৮৭ লাখ ৬০ হাজার ডলার। আগস্টে তা বেড়ে দাঁড়ায় ২৯৬ কোটি ৬৬ লাখ ৮০ হাজার ডলারে।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরে দেশে মোট ৩৫ দশমিক ৫৮ বিলিয়ন ডলারের রেমিট্যান্স এসেছিল। এর আগের ২০২৪-২৫ অর্থবছরে প্রবাসী আয়ের পরিমাণ ছিল ৩০ দশমিক ৩২ বিলিয়ন ডলার।
সংশ্লিষ্ট পরিসংখ্যানে দেখা যাচ্ছে, চলতি অর্থবছরের প্রথম কয়েক মাসে প্রবাসী আয়ের প্রবাহ গত বছরের একই সময়ের তুলনায় বেশি রয়েছে।