নিউজ প্রবাসী ডেক্স:

কক্সবাজার সদর থানা পুলিশের বিশেষ অভিযান ও নিয়মিত কার্যক্রমে ৫৯ দিনে বিভিন্ন অপরাধে ১ হাজার ৫৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক করা হয়েছে ১৯৬ জনকে।

পুলিশের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের ১ সেপ্টেম্বর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত এসব গ্রেপ্তার ও আটকের ঘটনা ঘটে। এ সময়ে চুরি ও ছিনতাইয়ের অভিযোগে ৩৬০ জন, মাদক ব্যবসার অভিযোগে ৮৬ জন এবং মাদক সেবনের অভিযোগে ৩৪০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

এ ছাড়া পেনাল কোডের ২৯০ ধারায় ৫২ জন, গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে ১৮৪ জন এবং নিয়মিত মামলায় ৩৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

স্থানীয় সূত্র জানায়, কক্সবাজার শহরে চুরি, ছিনতাই ও মাদকসংক্রান্ত অপরাধ নিয়ে দীর্ঘদিন ধরে উদ্বেগ রয়েছে। বাসাবাড়ি, সরকারি-বেসরকারি কার্যালয় এবং সড়কে বিভিন্ন অপরাধের ঘটনা জনমনে নিরাপত্তা নিয়ে প্রশ্ন তৈরি করেছে।

এ পরিস্থিতিতে কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী দায়িত্ব নেওয়ার পর অপরাধ নিয়ন্ত্রণে বিশেষ অভিযান ও নিয়মিত পুলিশি তৎপরতা বাড়ানো হয়। শহরের অপরাধপ্রবণ এলাকাগুলোতে নজরদারি জোরদারের পাশাপাশি চোর, ছিনতাইকারী, মাদক ব্যবসায়ী ও কিশোর গ্যাংয়ের সদস্যদের বিরুদ্ধে অভিযান চালানো হচ্ছে।

পুলিশের দাবি, ধারাবাহিক অভিযানের ফলে শহরে অপরাধ নিয়ন্ত্রণে অগ্রগতি হয়েছে। জননিরাপত্তা নিশ্চিত করতে এ তৎপরতা অব্যাহত থাকবে।

সচেতন নাগরিক আব্দুল কালাম বলেন, অপরাধ দমনে অভিযান অব্যাহত রাখার পাশাপাশি গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নিতে হবে। একই সঙ্গে অপরাধপ্রবণ এলাকায় নিয়মিত নজরদারি নিশ্চিত করা গেলে শহরের আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নতি সম্ভব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts