নিউজ প্রবাসী ডেক্স:

বিলাসবহুল গাড়িবহর নিয়ে লং ড্রাইভে না গিয়ে জনসেবামূলক কাজে অংশ নিতে বিরোধী দলের প্রতি আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত। তিনি বলেছেন, শুধু লোকদেখানো কর্মসূচি বা ফটোসেশনে সীমাবদ্ধ না থেকে মানুষের পাশে দাঁড়ানো প্রয়োজন।

শনিবার (৩১ অক্টোবর) সকালে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) উদ্যোগে মিরপুর আদর্শ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে ডেঙ্গু রোগী শনাক্তকরণ ও চিকিৎসায় মোবাইল ফিভার ক্লিনিক কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিরোধী দলের উদ্দেশে স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, ১ হাজার ৫০০ গাড়ি নিয়ে বিলাসবহুল লং ড্রাইভে যাওয়ার পরিবর্তে সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে এলাকার ময়লা-আবর্জনা পরিষ্কারে কাজ করা উচিত। শুধু কয়েক দিন ভোরে ঝাড়ু হাতে ছবি তোলার মধ্যে পরিচ্ছন্নতা কার্যক্রম সীমাবদ্ধ রাখলে হবে না। সরকারি ও বিরোধী দল একসঙ্গে কাজ করে দেশ থেকে ফ্যাসিবাদের রেখে যাওয়া জঞ্জাল দূর করার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, একটি বিরোধী দল এখনো জনসভা ও বক্তৃতানির্ভর রাজনীতিতে আটকে রয়েছে। অথচ প্রধানমন্ত্রী দেশে জনসেবাভিত্তিক রাজনীতির সূচনা করেছেন বলে মন্তব্য করেন তিনি।

মিরপুরের মোবাইল ফিভার ক্লিনিকের কার্যক্রম সম্পর্কে প্রতিমন্ত্রী বলেন, এটিকে শুধু জ্বর পরীক্ষার কেন্দ্র হিসেবে রাখা হয়নি; বরং ছোট পরিসরের পূর্ণাঙ্গ স্বাস্থ্যসেবা কেন্দ্রে রূপ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। এখানে ডেঙ্গু পরীক্ষার পাশাপাশি গাইনি, শিশু ও চর্মরোগ বিশেষজ্ঞের পরামর্শ, উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস পরীক্ষা, মা ও শিশুর পুষ্টিসেবা এবং পরিবার পরিকল্পনা-সংক্রান্ত সেবা দেওয়া হচ্ছে। স্থানীয় বাসিন্দারা এসব সেবা বিনামূল্যে পাচ্ছেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান। প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts