নিউজ প্রবাসী ডেক্স :
২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে পাসের হারে ছেলেদের তুলনায় এগিয়ে রয়েছে মেয়েরা। তবে পূর্ণাঙ্গ জিপিএ-৫ অর্জনের সংখ্যায় কয়েক বছর পর মেয়েদের ছাড়িয়ে গেছে ছাত্ররা।
প্রকাশিত ফল অনুযায়ী, এবার মোট ১২ লাখ ৪০ হাজার ৭৯৮ জন পরীক্ষার্থী অংশ নেয়। তাদের মধ্যে ছাত্রী ছিল ৬ লাখ ৩৩ হাজার ১৪৯ জন। পাস করেছে ৩ লাখ ৫৬ হাজার ৫২৮ জন। সে হিসাবে ছাত্রীদের পাসের হার দাঁড়িয়েছে ৫৬ দশমিক ৩১ শতাংশ।
অন্যদিকে, পরীক্ষায় অংশ নেওয়া ৬ লাখ ৭ হাজার ৬৪৯ জন ছাত্রের মধ্যে উত্তীর্ণ হয়েছে ২ লাখ ৯০ হাজার ১৫৭ জন। তাদের পাসের হার ৪৭ দশমিক ৭৫ শতাংশ। অর্থাৎ পাসের হারে মেয়েরা ছেলেদের চেয়ে ৮ দশমিক ৫৬ শতাংশ পয়েন্ট এগিয়ে রয়েছে।
তবে জিপিএ-৫ পাওয়ার ক্ষেত্রে এবার ছেলেদের সাফল্য বেশি। মোট ৪০ হাজার ৮৪ জন শিক্ষার্থী পূর্ণাঙ্গ জিপিএ অর্জন করেছে। এর মধ্যে ছাত্র ২০ হাজার ৩৬৩ জন এবং ছাত্রী ১৯ হাজার ৭২১ জন। ফলে মেয়েদের তুলনায় ৬৪২ জন বেশি ছেলে জিপিএ-৫ পেয়েছে।
গত বছর পাসের হার ও জিপিএ-৫—উভয় ক্ষেত্রেই মেয়েরা এগিয়ে ছিল। ২০২৫ সালের পরীক্ষায় ছাত্রীদের পাসের হার ছিল ৬২ দশমিক ৯৭ শতাংশ, যেখানে ছাত্রদের হার ছিল ৫৪ দশমিক ৬০ শতাংশ। ওই বছর ৩৭ হাজার ৪৪ জন ছাত্রী এবং ৩২ হাজার ৫৩ জন ছাত্র জিপিএ-৫ পেয়েছিল। অর্থাৎ ছেলেদের চেয়ে ৪ হাজার ৯৯১ জন বেশি মেয়ে পূর্ণাঙ্গ জিপিএ অর্জন করে।
এর আগের বছরগুলোতেও জিপিএ-৫ পাওয়ার সংখ্যায় মেয়েদের এগিয়ে থাকার চিত্র দেখা যায়। ২০২৪ সালে ৮০ হাজার ৯৩৩ জন ছাত্রী এবং ৬৪ হাজার ৯৭৮ জন ছাত্র জিপিএ-৫ পেয়েছিল। ২০২৩ সালে মেয়েদের মধ্যে ৪৯ হাজার ৩৬৫ জন এবং ছেলেদের মধ্যে ৪৩ হাজার ২৩০ জন পূর্ণাঙ্গ জিপিএ অর্জন করে।
চলতি বছরের ফলাফলে পাসের হারে মেয়েদের ধারাবাহিক সাফল্য বজায় থাকলেও জিপিএ-৫ অর্জনে ছেলেদের এগিয়ে যাওয়ার বিষয়টি আলাদা করে নজর কেড়েছে।