নিউজ প্রবাসী ডেক্স:

পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে আগামী রোববার (১ নভেম্বর) মজুরি বোর্ড গঠনের কার্যক্রম শুরু হচ্ছে। শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী এ তথ্য জানিয়েছেন।

শুক্রবার (৩০ অক্টোবর) রাতে গার্মেন্টস শ্রমিক নেতাদের সঙ্গে বৈঠক শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী বলেন, শ্রমিক প্রতিনিধিদের সঙ্গে আলোচনা ফলপ্রসূ হয়েছে। রোববার সকাল থেকেই ন্যূনতম মজুরি বোর্ড গঠনের প্রক্রিয়া শুরু হবে।

মন্ত্রী জানান, শ্রমিক নেতাদের উত্থাপিত দাবিগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে। আলোচনার মাধ্যমে পর্যায়ক্রমে শ্রমিকদের ন্যায্য দাবি বাস্তবায়নে উদ্যোগ নেওয়া হবে।

তিনি বলেন, দেশের শিল্পকারখানার স্বাভাবিক কার্যক্রম ও শ্রমিকদের অধিকার—দুই বিষয়ই সমান গুরুত্ব দিয়ে দেখতে হবে। শিল্পের স্বার্থ সুরক্ষার পাশাপাশি শ্রমিকদের ন্যায্য পাওনা নিশ্চিত করাও জরুরি।

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার দায়িত্ব নেওয়ার পর বিভিন্ন পর্যায়ে শ্রমিকদের দাবি পূরণে পদক্ষেপ নেওয়া হয়েছে বলেও উল্লেখ করেন মন্ত্রী। তিনি আশা প্রকাশ করেন, মজুরি বোর্ড গঠনের প্রক্রিয়া শুরু হলে শ্রমিকদের প্রত্যাশিত দাবি নিয়ে অগ্রগতি হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts