নিউজ প্রবাসী ডেক্ম :
এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) মেনস রাইজিং স্টারস এশিয়া কাপ ২০২৬ সামনে রেখে ১৯ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঘোষিত দলে সবচেয়ে আলোচিত নাম অভিজ্ঞ ব্যাটার সাব্বির রহমান। ৩৪ বছর বয়সে আবারও বাংলাদেশ ‘এ’ দলের হয়ে খেলার সুযোগ পেয়েছেন তিনি।
প্রাথমিক দলে সাব্বিরের পাশাপাশি জায়গা পেয়েছেন জাতীয় দলে খেলা আফিফ হোসেন, মাহমুদুল হাসান জয়, নাঈম শেখ ও জাকির হাসানের মতো ক্রিকেটার। জাতীয় ক্রিকেট লিগে (এনসিএল) ভালো পারফরম্যান্স করা কয়েকজন খেলোয়াড়ও রয়েছেন এই তালিকায়।
আগামী ১৯ থেকে ২৯ নভেম্বর কাতারে অনুষ্ঠিত হবে ৫০ ওভারের এই প্রতিযোগিতা। এতে আটটি দল অংশ নেবে। এশিয়ার পাঁচটি টেস্ট খেলুড়ে দেশের ‘এ’ দলের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবে তিনটি সহযোগী দেশের জাতীয় দল।
বাংলাদেশ ‘এ’ দল খেলবে ‘এ’ গ্রুপে। এই গ্রুপে তাদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা ‘এ’, আফগানিস্তান ‘এ’ ও হংকং। অন্যদিকে ‘বি’ গ্রুপে রয়েছে পাকিস্তান, সংযুক্ত আরব আমিরাত, ভারত ‘এ’ ও নেপাল। দুই গ্রুপের শীর্ষ দুটি করে দল সেমিফাইনালে উঠবে। শেষ চারের ম্যাচ অনুষ্ঠিত হবে ২৬ ও ২৭ নভেম্বর।
প্রাথমিক দলের অধিনায়কের নাম এখনো জানায়নি বিসিবি। আগামী ৬ নভেম্বর মোহাম্মদ আশরাফুলের অধীনে অনুশীলন শুরু করবেন দলে ডাক পাওয়া ক্রিকেটাররা। সেখান থেকে ১৫ সদস্যের চূড়ান্ত দল নির্বাচন করে কাতারে পাঠানো হবে।
বাংলাদেশ ‘এ’ দলের প্রাথমিক স্কোয়াড: মোহাম্মদ নাঈম শেখ, মাহমুদুল হাসান জয়, ইফতেখার হোসেন ইফতি, শাহাদাত হোসেন দীপু, ইয়াসির আলী চৌধুরী, সাব্বির রহমান, মোহাম্মদ পারভেজ হোসেন ইমন, ইরফান শুক্কুর, সামিউন বাসির রাতুল, রকিবুল হাসান, মো. রুবেল, রিপন মন্ডল, ইকবাল হোসেন ইমন, চৌধুরী মো. রিজওয়ান, মো. সাইফউদ্দিন, মো. জাকির হাসান, আফিফ হোসেন ধ্রুব, এস এম মেহেরব ও আমিনুল ইসলাম বিপ্লব।