নিউজ প্রবাসী ডেক্স :
সিরাজগঞ্জের রায়গঞ্জে দৃষ্টিপ্রতিবন্ধী বিধবা আয়েশা খাতুনের অসচ্ছল পরিবারের পাশে দাঁড়িয়েছে মানবিক সংগঠন ‘সুখ পাখি’। পরিবারটির জীবনযাত্রার মান উন্নয়ন ও স্বাবলম্বী হওয়ার সুযোগ তৈরিতে তাদের দেওয়া হয়েছে দুটি ছাগল, চারটি মুরগি ও দুই বস্তা চাল।
শনিবার (৭ নভেম্বর) দুপুরে এক প্রবাসীর অর্থায়নে সংগঠনটির ‘আলোর জন্য জাকাত তহবিল’ প্রকল্পের আওতায় এসব সহায়তা পৌঁছে দেওয়া হয়। সংগঠনের প্রতিষ্ঠাতা শেখ রজব সহায়তাসামগ্রী গণমাধ্যমকর্মী সাইদুল ইসলাম আবিরের হাতে তুলে দেন। পরে তিনি সেগুলো আয়েশা খাতুনের পরিবারের কাছে পৌঁছে দেন।
আয়েশা খাতুন রায়গঞ্জ পৌরসভার বেতুয়া এলাকার বাসিন্দা। স্বামী মারা যাওয়ার পর দুই মেয়ে ও এক ছেলেকে নিয়ে নানা সংকটের মধ্যে দিন কাটছে তাঁর। পরিবারের আর্থিক অবস্থা অত্যন্ত দুর্বল। এর মধ্যে তাঁর ১৩ বছর বয়সী এক মেয়ে শারীরিক ও বাক্প্রতিবন্ধী। প্রতিবন্ধী ভাতা এবং মানুষের সহায়তার ওপর নির্ভর করেই চলে সংসার।
নতুন করে পাওয়া ছাগল ও মুরগি পালন করে ভবিষ্যতে কিছুটা আয় বাড়ানোর সুযোগ তৈরি হবে বলে আশা করা হচ্ছে। এতে পরিবারটির আর্থিক সংকট কাটিয়ে ওঠার পথও কিছুটা সহজ হতে পারে।
সংগঠনটির প্রতিষ্ঠাতা শেখ রজব বলেন, অসহায় মানুষের পাশে দাঁড়ানোই ‘সুখ পাখি’র প্রধান উদ্দেশ্য। সমাজের সামর্থ্যবান ব্যক্তিরা সহযোগিতার হাত বাড়িয়ে দিলে সংকটে থাকা পরিবারগুলো ঘুরে দাঁড়ানোর সাহস পাবে।
সহায়তা পেয়ে আয়েশা খাতুনের পরিবারে কিছুটা স্বস্তি ফিরেছে।