নিউজ  প্রবাসী ডেক্স :

বাংলাদেশের বৈদেশিক ঋণের পরিমাণ গত এক দশকে প্রায় তিন গুণ বেড়েছে। ২০২৫ সালের শেষ নাগাদ দেশের মোট বৈদেশিক ঋণের স্থিতি দাঁড়িয়েছে ১১ হাজার ৩৪৩ কোটি মার্কিন ডলারে। ডলারের বিনিময়মূল্য ১২৫ টাকা ধরে দেশীয় মুদ্রায় এর পরিমাণ প্রায় ১৪ লাখ ১৮ হাজার কোটি টাকা। বিশ্বব্যাংকের হিসাব অনুযায়ী, জনসংখ্যার ভিত্তিতে দেশের প্রতিটি নাগরিকের মাথাপিছু বৈদেশিক ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৬৪৬ ডলার।

বিশ্বব্যাংকের ‘ইন্টারন্যাশনাল ডেট রিপোর্ট ২০২৬’-এর তথ্য বিশ্লেষণে এসব চিত্র উঠে এসেছে। প্রতিবেদন অনুযায়ী, ২০১৫ সালে বাংলাদেশের মোট বৈদেশিক ঋণের পরিমাণ ছিল ৩ হাজার ৮৭৭ কোটি ডলার। ১০ বছরের ব্যবধানে তা বেড়ে ১১ হাজার ৩৪৩ কোটি ডলারে পৌঁছেছে। ২০২৪ সালের তুলনায় ২০২৫ সালে ঋণের স্থিতি বেড়েছে ৮ দশমিক ৬ শতাংশ।

১৭ কোটি ৫৭ লাখ জনসংখ্যা ধরে মোট ঋণের পরিমাণ ভাগ করে মাথাপিছু ঋণের হিসাব করা হয়েছে। তবে ৬৪৬ ডলারের এই অঙ্ক প্রত্যেক নাগরিকের ব্যক্তিগত ঋণ নয়; এটি সামষ্টিক অর্থনীতির একটি গড় হিসাব।

বিশ্বব্যাংকের প্রতিবেদন বলছে, বাংলাদেশের বৈদেশিক ঋণের বড় অংশ এসেছে বহুপক্ষীয় উন্নয়ন সহযোগী সংস্থাগুলোর কাছ থেকে। বিশ্বব্যাংক ও এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) কাছে বাংলাদেশের মোট ঋণ ৫ হাজার ১১৪ কোটি ডলার। এর মধ্যে বিশ্বব্যাংকের কাছে বকেয়া ২ হাজার ২৬৩ কোটি এবং এডিবির কাছে ১ হাজার ৭৫১ কোটি ডলার।

এ ছাড়া জাপান, চীন, ভারত ও রাশিয়ার মতো দ্বিপক্ষীয় ঋণদাতা দেশগুলোর কাছে বাংলাদেশের ঋণের পরিমাণ ৩ হাজার ২৬৪ কোটি ডলার। সরকারি ঋণের পাশাপাশি বেসরকারি খাতে বিদেশি ঋণ রয়েছে প্রায় ১ হাজার কোটি ডলার। স্বল্পমেয়াদি বৈদেশিক ঋণের পরিমাণ প্রায় দেড় হাজার কোটি ডলার।

ঋণের পরিমাণ বাড়লেও পরিশোধ সক্ষমতার কয়েকটি সূচকে বাংলাদেশের অবস্থান এখনো তুলনামূলকভাবে সহনীয় বলে উল্লেখ করেছে বিশ্বব্যাংক। প্রতিবেদন অনুযায়ী, মোট জাতীয় আয়ের (জিএনআই) তুলনায় বৈদেশিক ঋণের অনুপাত দাঁড়িয়েছে ২৪ শতাংশে। আগের বছরের তুলনায় এ হার বেড়েছে প্রায় ৬ শতাংশ।

অন্যদিকে রপ্তানি আয়ের বিপরীতে বৈদেশিক ঋণের আসল ও সুদ পরিশোধের অনুপাত কমে ১৬ শতাংশে নেমেছে। আগের বছরের তুলনায় এই হার ৩ দশমিক ৮ শতাংশ কম। অর্থাৎ রপ্তানি থেকে প্রতি ১০০ ডলার আয়ের মধ্যে ১৬ ডলার ব্যয় হচ্ছে বিদেশি ঋণের কিস্তি ও সুদ পরিশোধে।

এদিকে বৈদেশিক ঋণের স্থিতির পাশাপাশি পরিশোধের চাপও ধারাবাহিকভাবে বেড়েছে। অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) তথ্য অনুযায়ী, ২০১২-১৩ অর্থবছরে বাংলাদেশ বিদেশি ঋণের বিপরীতে ১১০ কোটি ডলার পরিশোধ করে। ২০২১-২২ অর্থবছরে তা বেড়ে ২০১ কোটি ডলারে দাঁড়ায়। পরের অর্থবছর, অর্থাৎ ২০২২-২৩ সালে ঋণ পরিশোধের পরিমাণ প্রায় ৩০০ কোটি ডলারে পৌঁছে।

সর্বশেষ ২০২৫-২৬ অর্থবছরে বৈদেশিক ঋণের আসল ও সুদ বাবদ প্রায় ৪৫০ কোটি ডলার পরিশোধ করতে হয়েছে। ফলে ১৪ বছরের ব্যবধানে ঋণ পরিশোধের ব্যয় বেড়েছে চার গুণেরও বেশি।

আগামী দিনে ঋণ পরিশোধের চাপ আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বড় কয়েকটি অবকাঠামো ও উন্নয়ন প্রকল্পের ঋণের কিস্তি পরিশোধের সময় ঘনিয়ে আসছে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র এবং হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল প্রকল্পের ঋণের কিস্তি শিগগিরই পরিশোধ করতে হবে। এসব ঋণের বড় অংশের অর্থ জাপানকে দিতে হবে। এ ছাড়া কর্ণফুলী নদীর তলদেশের টানেল ও মেট্রোরেল প্রকল্পের ঋণ পরিশোধ ইতোমধ্যে শুরু হয়েছে।

বিশেষজ্ঞদের মতে, বৈদেশিক ঋণের পরিমাণের পাশাপাশি ঋণের শর্ত, ব্যবহার থেকে প্রত্যাশিত আয় এবং সময়মতো কিস্তি পরিশোধের সক্ষমতার ওপর নজর রাখা জরুরি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts