নিউজ প্রবাসী ডেক্স:
চট্টগ্রাম বন্দরে প্রায় তিন দশকেরও বেশি সময় ধরে পড়ে থাকা সাড়ে ছয় হাজার কনটেইনার ধ্বংস ও নিষ্পত্তির উদ্যোগ নিয়েছে কর্তৃপক্ষ। আগামী ডিসেম্বরের মধ্যে এসব কনটেইনার সরানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। দীর্ঘদিন ধরে বন্দরের গুরুত্বপূর্ণ জায়গা দখল করে থাকায় পণ্য পরিবহন, ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ কার্যক্রমে প্রতিবন্ধকতা তৈরি হচ্ছে বলে জানিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি।
রোববার (৮ নভেম্বর) জাতীয় সংসদের সরকারি প্রতিষ্ঠান সম্পর্কিত কমিটির অষ্টম বৈঠক শেষে সংসদ ভবনের মিডিয়া সেন্টারে সাংবাদিকদের তিনি এসব তথ্য জানান। বৈঠকে নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
চিফ হুইপ জানান, বন্দরে পড়ে থাকা প্রায় ৬ হাজার ৫০০ কনটেইনারের মধ্যে কয়েকটিতে পণ্য থাকার কথা থাকলেও সেগুলো খালি পাওয়া গেছে। আবার কিছু কনটেইনারে পাওয়া গেছে শুধু পানি। প্রায় ৩৩ বছর ধরে পড়ে থাকা এসব কনটেইনারের কারণে বন্দরের মূল্যবান জায়গা আটকে আছে। ডিসেম্বরের মধ্যে সেগুলো নিষ্পত্তির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তিনি বলেন, বন্দরের কার্যক্রম সচল রাখা এবং দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডে গতি আনতে এসব কনটেইনার দ্রুত সরানো জরুরি। একই সঙ্গে পণ্য খালাসের সময় কমিয়ে আনার উদ্যোগও নেওয়া হয়েছে। আগে যেখানে পণ্য খালাসে প্রায় ৭০ দিন লাগত, বর্তমানে তা কমে ৪৯ দিনে দাঁড়িয়েছে। এই সময় আরও কমিয়ে ৪০ দিনে নামানোর লক্ষ্য রয়েছে।
বন্দর থেকে কনটেইনার বের হওয়ার প্রক্রিয়ায় কারা দায়িত্ব পালন করছেন, তা-ও খতিয়ে দেখা হবে বলে জানান তিনি। এ ক্ষেত্রে সিসিটিভি ফুটেজ, নিরাপত্তাকর্মী এবং দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের ভূমিকা পর্যালোচনা করা হবে। অতীতে কোনো অনিয়ম বা আইন লঙ্ঘনের প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
বৈঠকে পায়রা বন্দরের ড্রেজিং প্রকল্প নিয়েও প্রশ্ন ওঠে। চিফ হুইপ বলেন, প্রায় ৬ হাজার কোটি টাকা ব্যয়ে প্রকল্পটি বাস্তবায়ন করা হলেও কাজ শেষে কোথাও কোথাও আগের তুলনায় পানির গভীরতা কমে যাওয়ার তথ্য পাওয়া গেছে। প্রকল্পের লক্ষ্য ছিল গভীরতা ৫ দশমিক ৮ মিটার থেকে বাড়িয়ে ১০ দশমিক ৫ মিটারে উন্নীত করা। এ ছাড়া বিভিন্ন প্রতিষ্ঠানে পণ্য সরবরাহ ও কাজের পরিমাণ নিয়ে অসংগতির অভিযোগও পর্যালোচনা করা হচ্ছে।
সরকারি প্রতিষ্ঠানের অর্থ বেসরকারি ব্যাংকে আমানত রাখা এবং কর্মকর্তা-কর্মচারীদের উৎসাহ বোনাসের বিষয়টিও বৈঠকে আলোচনায় আসে। চিফ হুইপের ভাষ্য অনুযায়ী, বিগত সরকারের সময়ে কয়েকটি বেসরকারি ব্যাংকে সরকারি প্রতিষ্ঠানের প্রায় ১ হাজার ৪০০ কোটি টাকা এফডিআর হিসেবে জমা রাখা হয়েছিল। প্রয়োজনের সময় ওই অর্থ ব্যবহার করা যায়নি। এ বিষয়ে নিয়ম মেনে আমানত রাখা হয়েছিল কি না, তা যাচাইয়ের নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি উৎসাহ বোনাস বাবদ প্রায় ৬০ থেকে ৭০ কোটি টাকা ব্যয়ের তথ্যও আলোচনায় এসেছে।
চট্টগ্রাম বন্দরে পড়ে থাকা কনটেইনারের বিষয়ে হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু বলেন, দীর্ঘ ৩৩ বছর ধরে এসব কনটেইনার পড়ে থাকলেও অতীতে দায়িত্ব পালনকারী সংশ্লিষ্ট ব্যক্তিরা কার্যকর উদ্যোগ নেননি। বর্তমান বন্দর চেয়ারম্যান বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছেন। এরই মধ্যে প্রায় ৬ হাজার ৫০০ কনটেইনারের মধ্যে ৪ হাজার ১০০টি ধ্বংস বা নিষ্পত্তির উদ্যোগ নেওয়া হয়েছে। ডিসেম্বরের মধ্যে বাকি কনটেইনারগুলোও সরানোর নির্দেশনা রয়েছে।
এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশন ৯ নভেম্বর শুরু হয়ে ১৮ নভেম্বর পর্যন্ত চলবে বলে জানান চিফ হুইপ। অধিবেশনে সরকারি ক্রয়, মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক এবং বিশেষ সৌরবিদ্যুৎসংক্রান্ত তিনটি অধ্যাদেশ উপস্থাপন করা হবে। পাশাপাশি সংসদীয় কার্যক্রমে সরকারি ও বিরোধী দলের অংশগ্রহণ এবং সংবিধান সংস্কার নিয়েও আলোচনা হবে।
চিফ হুইপ বলেন, সংসদে সরকার ও বিরোধী দলের একসঙ্গে বসে আলোচনা করাই সংসদীয় সংস্কৃতি। দেশের সমস্যাগুলো ঐকমত্যের ভিত্তিতে সংসদে তুলে ধরে সমাধানের চেষ্টা করা হবে।