নিউজ প্রবাসী ডেক্স :

আবেদনটি ঢাকায় পাঠিয়েছে বাংলাদেশ হাইকমিশন; শেখ হাসিনার অনুমোদনসংক্রান্ত নথি না থাকায় উঠেছে প্রশ্ন

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য নতুন বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) চেয়ে ভারতের নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে ই-মেইল পাঠিয়েছে যুক্তরাজ্যভিত্তিক আইনজীবী প্রতিষ্ঠান ম্যাট্রিক্স চেম্বার্স। বিষয়টি পরবর্তী করণীয় নির্ধারণের জন্য ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠিয়েছে হাইকমিশন।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। সোমবার (৯ নভেম্বর) সকালে দিল্লির একটি কূটনৈতিক সূত্র ই-মেইল পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। তবে ঢাকার কয়েকটি কূটনৈতিক সূত্রের দাবি, ই-মেইলটি শেখ হাসিনার পক্ষ থেকেই পাঠানো হয়েছে কি না, তা নিশ্চিত হওয়ার মতো প্রয়োজনীয় অনুমোদনপত্র এতে সংযুক্ত ছিল না।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ম্যাট্রিক্স চেম্বার্সের পক্ষ থেকে পাঠানো বার্তার শুরুতে একজন আইনজীবী নিজেকে শেখ হাসিনার আইনজীবী হিসেবে পরিচয় দিয়েছেন। পরে তাঁর পক্ষে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র ইস্যু করার অনুরোধ জানানো হয়েছে। চিঠিতে উল্লেখ করা হয়, অন্তর্বর্তী সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ শেখ হাসিনার আগের পাসপোর্ট এবং এনআইডি বাতিল করেছে বলে তাঁরা জানতে পেরেছেন।

তবে কূটনৈতিক সূত্রগুলো বলছে, কোনো ব্যক্তির পক্ষে আইনজীবী বা প্রতিষ্ঠান আবেদন করলে সাধারণত তাঁর অনুমোদনের প্রমাণপত্র থাকা প্রয়োজন। পাঠানো ই-মেইলে শেখ হাসিনার এমন কোনো অথরাইজেশন বা সম্মতিপত্র পাওয়া যায়নি।

এর আগে রয়টার্সের হাতে আসা একটি চিঠির বরাতে জানানো হয়েছিল, দেশে ফেরার প্রস্তুতির অংশ হিসেবে শেখ হাসিনা নতুন পাসপোর্ট ও এনআইডি চেয়েছেন। ২০২৪ সালের ৫ আগস্ট গণঅভ্যুত্থানের মুখে দেশ ছাড়ার পর এ ধরনের আবেদন এবারই প্রথম বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

শেখ হাসিনা বিভিন্ন সময়ে দেশে ফেরার ইচ্ছা প্রকাশ করেছেন। চলতি বছরের ১২ ফেব্রুয়ারির নির্বাচনের পর তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পরও তিনি ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনার কথা জানিয়েছিলেন। রয়টার্সকে দেওয়া বক্তব্যে তিনি দেশে ফিরে আদালতে আত্মসমর্পণ করতে চান বলেও জানিয়েছেন।

অন্যদিকে, ভারতের সঙ্গে বাংলাদেশের বন্দি বিনিময় চুক্তির আওতায় শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার চেষ্টা করছে বর্তমান সরকার। এ নিয়ে দুই দেশের মধ্যে কূটনৈতিক পর্যায়ে আলোচনা চলছে। এমন পরিস্থিতিতে নতুন পাসপোর্ট ও এনআইডির আবেদন ঘিরে রাজনৈতিক ও আইনি আলোচনা আরও জোরালো হতে পারে।

জুলাই গণঅভ্যুত্থানের সময় প্রাণঘাতী দমন-পীড়নের নির্দেশ দেওয়ার অভিযোগে করা মামলায় গত বছরের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনার অনুপস্থিতিতে তাঁকে মৃত্যুদণ্ড দেন। তবে নির্বাসনে থাকা শেখ হাসিনা এসব অভিযোগ অস্বীকার করে আসছেন।

চিঠিতে আরও বলা হয়েছে, শেখ হাসিনার বাংলাদেশি নাগরিকত্ব এবং আন্তর্জাতিক মানবাধিকারবিষয়ক বিভিন্ন চুক্তির আওতায় বাংলাদেশের দায়বদ্ধতা বিবেচনায় নিয়ে তাঁর আবেদন দ্রুত নিষ্পত্তির প্রয়োজন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts