নিউজ প্রবাসী ডেক্স ::
সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের ছাদে বেসরকারি অর্থায়নে বসবে সৌরবিদ্যুৎ কেন্দ্র; পরিচালনা ও রক্ষণাবেক্ষণের দায়িত্বও সেবাদাতা প্রতিষ্ঠানের
নিজস্ব অর্থ ব্যয় না করেই সৌরবিদ্যুৎ ব্যবহারের সুযোগ পাচ্ছে সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলো। নতুন অধ্যাদেশ অনুযায়ী, এসব প্রতিষ্ঠানের ভবনের ছাদ, আঙিনা কিংবা উপযুক্ত জায়গায় বেসরকারি প্রতিষ্ঠানের অর্থায়নে সৌরবিদ্যুৎ কেন্দ্র স্থাপন করা যাবে। এতে প্রাথমিক বিনিয়োগের চাপ ছাড়াই নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারের সুযোগ তৈরি হবে।
এ ব্যবস্থার নাম দেওয়া হয়েছে ‘ওপেক্স মডেল’। এ পদ্ধতিতে বেসরকারি সেবাদাতা প্রতিষ্ঠান নিজস্ব অর্থে সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপন করবে। একই প্রতিষ্ঠান কেন্দ্রটির পরিচালনা ও রক্ষণাবেক্ষণের দায়িত্বও পালন করবে। উৎপাদিত বিদ্যুতের ব্যবহার কিংবা মূল্য কীভাবে সমন্বয় হবে, তা গ্রাহক প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তিতে নির্ধারণ করা থাকবে।
‘বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন অধ্যাদেশ, ২০২৬’-এ ওপেক্স মডেলকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। তবে কোনো প্রতিষ্ঠান চাইলে নিজস্ব অর্থায়নে সৌরবিদ্যুৎ কেন্দ্র স্থাপন ও এর মালিকানা নিজেদের কাছে রাখতেও পারবে। এ পদ্ধতিকে বলা হচ্ছে ‘ক্যাপেক্স মডেল’।
গত ১৯ অক্টোবর রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের স্বাক্ষরের পর অধ্যাদেশটি জারি করা হয়। একই দিন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগ থেকে গেজেট প্রকাশ করা হয়। প্রকাশের দিন থেকেই এটি কার্যকর হয়েছে।
বিনিয়োগ ছাড়াই যেভাবে মিলবে বিদ্যুৎ
ওপেক্স পদ্ধতিতে সৌরবিদ্যুৎ ব্যবহারের জন্য গ্রাহক প্রতিষ্ঠানকে প্যানেল, ইনভার্টারসহ প্রয়োজনীয় যন্ত্রপাতি কিনতে হবে না। স্থাপন, পরিচালনা কিংবা মেরামতের দায়িত্বও নিতে হবে না তাদের। পুরো ব্যয় বহন করবে বেসরকারি সেবাদাতা প্রতিষ্ঠান।
সেবাদাতা প্রতিষ্ঠান গ্রাহকের ভবনের ছাদ বা নির্ধারিত জায়গায় সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপন করে বিদ্যুৎ উৎপাদন করবে। এরপর চুক্তি অনুযায়ী গ্রাহক প্রতিষ্ঠান উৎপাদিত বিদ্যুৎ ব্যবহার করবে। বিদ্যুতের অংশ বা মূল্য পরিশোধের নিয়ম আগেই নির্ধারণ করা থাকবে।
অন্যদিকে ক্যাপেক্স মডেলে গ্রাহক প্রতিষ্ঠান নিজস্ব অর্থায়নে প্রয়োজনীয় সরঞ্জাম কিনে কেন্দ্র স্থাপন করবে। ফলে কেন্দ্রটির মালিকানা ও ব্যবস্থাপনার নিয়ন্ত্রণ থাকবে গ্রাহকের হাতে। নিজস্ব তহবিল কিংবা বিনিয়োগের সক্ষমতা থাকা প্রতিষ্ঠানগুলো এ পদ্ধতি বেছে নিতে পারবে।
যেসব স্থানে স্থাপন করা যাবে
অধ্যাদেশের আওতায় সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও স্থানীয় সরকার প্রতিষ্ঠানের পাশাপাশি সরকারি কোম্পানির ভবনের ছাদ, আঙিনা ও অন্যান্য উপযুক্ত স্থানে সৌরবিদ্যুৎ কেন্দ্র স্থাপন করা যাবে।
এ ছাড়া সৌরচালিত সেচপাম্প, কোল্ড স্টোরেজ, বৈদ্যুতিক যানবাহনের চার্জিং স্টেশন এবং চা বাগানের ছাদ ও সংলগ্ন পতিত জমিও এ উদ্যোগের আওতায় আসবে। ভাসমান সৌরবিদ্যুৎ এবং কৃষিকাজের সঙ্গে সমন্বিত সৌরবিদ্যুৎ বা অ্যাগ্রো-ভোলটাইক প্রযুক্তি ব্যবহারের সুযোগও রাখা হয়েছে।
তবে এ অধ্যাদেশের আওতায় প্রতিটি বিশেষ সৌরবিদ্যুৎ ব্যবস্থার সর্বোচ্চ উৎপাদনক্ষমতা হবে ৫ মেগাওয়াট। বড় আকারের ভূমিভিত্তিক সৌরবিদ্যুৎ প্রকল্প এ বিধানের আওতায় থাকবে না।
প্রতিযোগিতার মাধ্যমে নির্বাচিত হবে সেবাদাতা
ওপেক্স মডেলে কাজ করতে আগ্রহী যোগ্য বেসরকারি প্রতিষ্ঠানগুলোর জেলাভিত্তিক তালিকা তৈরি করবে নির্ধারিত কর্তৃপক্ষ। নিবন্ধন ফি দিয়ে প্রতিষ্ঠানগুলো ওই তালিকায় নাম অন্তর্ভুক্ত করতে পারবে। এরপর তালিকাভুক্ত প্রতিষ্ঠানগুলোর মধ্য থেকে প্রতিযোগিতার ভিত্তিতে সেবাদাতা নির্বাচন করবেন গ্রাহক।
তবে গ্রাহক চাইলে তালিকার বাইরে থাকা প্রতিষ্ঠানকেও উন্মুক্ত দরপত্রের মাধ্যমে নিয়োগ দিতে পারবেন।
ত্রিপক্ষীয় চুক্তি বাধ্যতামূলক
সৌরবিদ্যুৎ কেন্দ্র স্থাপন ও পরিচালনার ক্ষেত্রে গ্রাহক প্রতিষ্ঠান, সেবাদাতা এবং উপযুক্ত কর্তৃপক্ষের মধ্যে ত্রিপক্ষীয় চুক্তি করতে হবে। চুক্তিতে বিদ্যুৎ সরবরাহের পরিমাণ, অতিরিক্ত বিদ্যুতের মূল্য, রক্ষণাবেক্ষণ ও মেরামতের দায়িত্ব এবং চুক্তির মেয়াদ উল্লেখ থাকবে।
যন্ত্রপাতি নষ্ট হলে তা কে মেরামত বা প্রতিস্থাপন করবে, নেট-মিটারিংয়ের মাধ্যমে বিদ্যুৎ বিল কীভাবে সমন্বয় হবে, সার্ভিস চার্জ ও বিল পরিশোধের পদ্ধতি কী হবে—এসব বিষয়ও চুক্তিতে স্পষ্ট করতে হবে।
অতিরিক্ত বিদ্যুৎ বিক্রির সুযোগ
সৌরবিদ্যুৎ কেন্দ্র থেকে উৎপাদিত বিদ্যুতের চাহিদা মেটানোর পর অতিরিক্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা যাবে। নেট-মিটারিং ব্যবস্থায় গ্রিডে দেওয়া বিদ্যুতের পরিমাণ গ্রাহকের বিলের সঙ্গে সমন্বয় হবে। সমন্বয়ের পরও বিদ্যুৎ উদ্বৃত্ত থাকলে প্রচলিত নিয়ম ও নির্ধারিত ট্যারিফ অনুযায়ী এর মূল্য পাওয়ার সুযোগ থাকবে।
সৌরবিদ্যুৎ সম্প্রসারণের জন্য প্রধানমন্ত্রীর নেতৃত্বে জাতীয় পলিসি কাউন্সিল গঠনের বিধান রাখা হয়েছে। পাশাপাশি জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে জেলা এবং উপজেলা পর্যায়ে কারিগরি ও সমন্বয় কমিটি গঠন করা হবে। সৌরবিদ্যুৎ ব্যবস্থার তথ্য সংরক্ষণ ও নিয়মিত তদারকির দায়িত্ব পালন করবে টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কর্তৃপক্ষ (স্রেডা)।
বেসরকারি খাতে কার্যকারিতা নিয়ে প্রশ্ন
নতুন অধ্যাদেশকে ইতিবাচক উদ্যোগ হিসেবে দেখলেও বেসরকারি প্রতিষ্ঠান ও আবাসিক ভবনে ওপেক্স মডেলের বাস্তব প্রয়োগ নিয়ে সংশয় প্রকাশ করেছেন বাংলাদেশ সাসটেইনেবল অ্যান্ড রিনিউয়েবল এনার্জি অ্যাসোসিয়েশনের সভাপতি মোস্তফা আল মাহমুদ।
বাংলা ট্রিবিউনকে তিনি বলেন, সরকারি প্রতিষ্ঠানের স্থায়ী অবকাঠামো থাকায় সেখানে এ মডেল কার্যকর হওয়ার সম্ভাবনা বেশি। কিন্তু বেসরকারি প্রতিষ্ঠানের স্থায়িত্ব নিয়ে প্রশ্ন রয়েছে। একইভাবে বাড়ির মালিকেরা দীর্ঘ সময়ের জন্য অন্য প্রতিষ্ঠানের ব্যবহারে ছাদ দিতে আগ্রহী হবেন কি না, সেটিও বিবেচনার বিষয়।
তাঁর মতে, এসব অনিশ্চয়তা বিদেশি বিনিয়োগ আকর্ষণের ক্ষেত্রেও প্রভাব ফেলতে পারে। ফলে নতুন ব্যবস্থার সফল বাস্তবায়নে সরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি বেসরকারি খাত ও আবাসিক ভবনের বাস্তব পরিস্থিতিও গুরুত্ব দিয়ে বিবেচনা করতে হবে।