নিউজ প্রবাসী ডেক্স :
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে টানা দ্বিতীয় দিনের মতো ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সোমবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের মেট্রোরেল স্টেশনের নিচে বিস্ফোরণের পর টিএসসি এলাকায় ককটেলভর্তি একটি ব্যাগ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় দুই যুবককে আটক করেছে স্থানীয় লোকজন।
সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটের দিকে বিস্ফোরণের ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, মেট্রোরেল স্টেশনের নিচে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালানোর চেষ্টা করেন দুই যুবক। এ সময় আশপাশের লোকজন তাঁদের ধাওয়া করে আটক করেন। পরে তাঁদের শাহবাগ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
আটক দুজন হলেন আব্দুল্লাহ আল জোবায়ের ওরফে জামিল (২৬) এবং সালেহীন দিপু (২৭)।
এদিকে টিএসসি এলাকায় ককটেলভর্তি ব্যাগ পাওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে বোমা নিষ্ক্রিয়করণ দলের সদস্যরা। ব্যাগের ভেতরে থাকা বস্তু পরীক্ষা ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কাজ চলছে।
এর আগে রোববার সন্ধ্যা ৬টা থেকে ৭টার মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের অন্তত ছয়টি স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। ওই ঘটনায় তিনজনকে আটক করে শাহবাগ থানা পুলিশের কাছে হস্তান্তর করেছিলেন ছাত্রদলের নেতাকর্মীরা।
পরপর দুই দিন ক্যাম্পাসে বিস্ফোরণের ঘটনায় বিশ্ববিদ্যালয় এলাকায় নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। এসব ঘটনার পেছনে কারা জড়িত, তা খতিয়ে দেখছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।