টেক ডেস্ক :
ব্যবহারকারীদের নিজস্ব ওয়েবসাইট থেকে অনুমতি ছাড়াই তথ্য সংগ্রহ এবং সেসব ডেটা কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মডেল প্রশিক্ষণে ব্যবহারের পরিকল্পনা থেকে সরে এসেছে ফেসবুক ও ইনস্টাগ্রামের মূল প্রতিষ্ঠান মেটা। তীব্র সমালোচনার মুখে ব্যবসায়িক অ্যাকাউন্টের জন্য প্রস্তাবিত বিতর্কিত শর্তগুলো আপাতত স্থগিত করেছে প্রযুক্তি প্রতিষ্ঠানটি।
মেটার নতুন নীতিমালার প্রাথমিক খসড়ায় ফেসবুক ও ইনস্টাগ্রামকে ব্যবসায়িক অ্যাকাউন্ট ব্যবহারকারীদের নিজস্ব ওয়েবসাইট থেকে তথ্য সংগ্রহের সুযোগ দেওয়ার কথা বলা হয়েছিল। সংগৃহীত এসব তথ্য পরবর্তী সময়ে মেটার এআই প্রযুক্তি উন্নয়ন ও প্রশিক্ষণে ব্যবহারের সুযোগও রাখা হয়েছিল।
অক্টোবরের মাঝামাঝি সময়ে প্রস্তাবিত শর্তগুলোর বিষয়টি প্রকাশ্যে এলে বিভিন্ন মহলে উদ্বেগ ও ক্ষোভ দেখা দেয়। যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের রাজনীতিবিদসহ সমালোচকেরা এ সিদ্ধান্তের বিরোধিতা করেন। তাঁদের আশঙ্কা, সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের শর্তের মাধ্যমে ব্যবসাপ্রতিষ্ঠানগুলোকে নিজেদের ওয়েবসাইটের তথ্যের ওপর নিয়ন্ত্রণ হারানোর ঝুঁকিতে ফেলা হচ্ছে। এতে কনটেন্ট প্রকাশক ও ওয়েবসাইটের মালিকদের স্বার্থ ক্ষতিগ্রস্ত হতে পারে।
সমালোচনা প্রশমনে পরবর্তী সময়ে একাধিকবার বিজ্ঞপ্তি প্রকাশ এবং নীতিমালায় পরিবর্তন আনে মেটা। ব্যবহারকারীদের তৈরি কনটেন্ট সরাসরি এআই প্রশিক্ষণে ব্যবহারের আশঙ্কা কমাতে নতুন শর্ত থেকে ‘প্রশিক্ষণ’ শব্দটিও বাদ দেওয়া হয়।
প্রতিষ্ঠানটি শুরুতে জানিয়েছিল, ২০ নভেম্বর থেকে নতুন নিয়ম কার্যকর হবে। পরে ৩০ অক্টোবরকে চূড়ান্ত সময়সীমা হিসেবে নির্ধারণ করা হলেও বিরোধিতার কারণে তা পিছিয়ে যায়। সর্বশেষ ব্যবসায়িক অ্যাকাউন্টসংক্রান্ত বিতর্কিত পরিবর্তনগুলো আপাতত স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে তারা।
মেটার বিজনেস হেল্প সেন্টারের হালনাগাদ তথ্যে বলা হয়েছে, সংশ্লিষ্ট অংশীদারদের সঙ্গে আলোচনা চলছে। এ বিষয়ে নতুন কোনো সিদ্ধান্ত বা তথ্য পাওয়া গেলে পরবর্তী সময়ে জানানো হবে। এর মধ্যে প্রতিষ্ঠানটির আগের শর্তাবলীই কার্যকর থাকবে।
ফেসবুক, ইনস্টাগ্রাম, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ ও থ্রেডসের মূল প্রতিষ্ঠান মেটার এই সিদ্ধান্তকে তথ্যের গোপনীয়তা ও ওয়েবসাইটের মালিকানা নিয়ে চলমান বিতর্কের প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।