নিউজ প্রবাসী ডেক্স:
নথিপত্র ছাড়া ও অনিয়মিত পথে ইউরোপে প্রবেশের দায়ে আরও ৪৪ বাংলাদেশিকে দেশে ফেরত পাঠানো হয়েছে। তাঁদের মধ্যে গ্রিস থেকে ৪০ জন এবং সাইপ্রাস থেকে চারজন রয়েছেন। বুধবার (১১ নভেম্বর) সকাল সোয়া ৯টার দিকে বিশেষ চার্টার্ড ফ্লাইটে তাঁরা ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।
বিমানবন্দরে ফেরত আসা ব্যক্তিদের জরুরি সহায়তা, কাউন্সেলিং এবং বাড়ি ফেরার জন্য আর্থিক সহযোগিতা দিয়েছে বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের মাইগ্রেশন প্রোগ্রাম। এ কাজে সহযোগিতা করেছে সিভিল এভিয়েশন সিকিউরিটি ও প্রবাসী কল্যাণ ডেস্ক। এ সময় পররাষ্ট্র মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট দপ্তরের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।
ব্র্যাকের সহযোগী পরিচালক (মাইগ্রেশন প্রোগ্রাম অ্যান্ড ইয়ুথ প্ল্যাটফর্ম) শরিফুল হাসান জানান, ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও ব্র্যাকের যৌথ অর্থায়নে পরিচালিত ‘প্রত্যাশা-২’ প্রকল্পের আওতায় ফেরত আসা ব্যক্তিদের খাবার ও তাৎক্ষণিক আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। পরবর্তী সময়ে কাউন্সেলিং ও প্রশিক্ষণ শেষে তাঁদের পুনর্বাসনে অর্থনৈতিক সহায়তা দেওয়ার পরিকল্পনা রয়েছে।
শরিফুল হাসান বলেন, লিবিয়া থেকে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালিতে প্রবেশের ক্ষেত্রে দীর্ঘদিন বাংলাদেশিরা শীর্ষ অবস্থানে ছিলেন। চলতি বছরের তথ্য অনুযায়ী, একইভাবে গ্রিসে প্রবেশের ক্ষেত্রেও বাংলাদেশিদের সংখ্যা সবচেয়ে বেশি। এ পথে ইউরোপে যাওয়ার চেষ্টা করতে গিয়ে প্রায়ই প্রাণহানির ঘটনা ঘটছে।
তিনি জানান, অনিয়মিত অভিবাসন ঠেকাতে ইউরোপের দেশগুলো ক্রমেই কঠোর অবস্থান নিচ্ছে। নতুন অভিবাসন নীতির আওতায় অবৈধ পথে প্রবেশকারীদের দ্রুত দেশে ফেরত পাঠানো হচ্ছে এবং তাঁদের আশ্রয়ের আবেদনও প্রত্যাখ্যান করা হচ্ছে।
ব্র্যাকের এই কর্মকর্তা বলেন, অনেকে ৩০ থেকে ৪০ লাখ টাকা ব্যয় করেও অনিয়মিত পথে ইউরোপে গিয়ে প্রত্যাশিত ফল পাচ্ছেন না। ইউরোপে পৌঁছাতে পারলেই জীবনের সব সমস্যার সমাধান হবে—এমন ধারণা থেকে বেরিয়ে আসতে হবে।
ফেরত আসা ব্যক্তিদের মধ্যে এমন একজনও রয়েছেন, যিনি টিকটকে বাংলাদেশ থেকে অনিয়মিত পথে ইউরোপে যাওয়ার বিষয়ে অন্যদের উৎসাহিত করেছিলেন বলে জানান শরিফুল হাসান। এ কারণে বিদেশ যেতে আগ্রহীদের আরও সতর্ক হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। তাঁর পরামর্শ, বিপজ্জনক সমুদ্রপথে যাত্রা না করে প্রয়োজনীয় দক্ষতা অর্জনের মাধ্যমে বৈধ উপায়ে বিদেশে যাওয়ার চেষ্টা করা উচিত।
এর আগে গত ২৩ অক্টোবর ইতালি ও গ্রিস থেকে আরও ৩৫ বাংলাদেশিকে বিশেষ ফ্লাইটে দেশে ফেরত পাঠানো হয় বলে জানিয়েছিল ব্র্যাক।
ইউরোপ থেকে নথিপত্রহীন বাংলাদেশিদের ফিরিয়ে আনার বিষয়ে ২০১৭ সালে ইউরোপীয় দেশগুলোর সঙ্গে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি) চুক্তি করে বাংলাদেশ সরকার। ওই চুক্তির আওতায় এখন পর্যন্ত প্রায় পাঁচ হাজার বাংলাদেশি দেশে ফিরেছেন। তাঁদের মধ্যে উল্লেখযোগ্যসংখ্যক এসেছেন সাইপ্রাস, ইতালি, রোমানিয়া, ফ্রান্স, গ্রিস ও মাল্টা থেকে।
শরিফুল হাসানের তথ্য অনুযায়ী, গত কয়েক বছরে ইউরোপ থেকে ফেরত আসা বাংলাদেশিদের মধ্যে ইতালি, গ্রিস ও জার্মানি থেকে আসা মানুষের সংখ্যা বেশি। দেশে ফেরার পর তাঁদের জরুরি সহায়তা ও কাউন্সেলিং দেওয়া হয়। পরবর্তী সময়ে আর্থিক সহযোগিতার মাধ্যমে স্বাভাবিক জীবনে ফেরার সুযোগ তৈরির পাশাপাশি ঝুঁকিপূর্ণ অভিবাসন নিরুৎসাহিত করতে দেশজুড়ে সচেতনতামূলক কার্যক্রম চালানো হচ্ছে।
অন্যদিকে, ইউরোপের বিভিন্ন দেশও বাংলাদেশ থেকে বৈধ পথে কর্মী নেওয়ার উদ্যোগ নিচ্ছে।