নিউজ প্রবাসী ডেক্স :
নেত্রকোণার মদনে ১১ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের মামলায় শিক্ষক আমান উল্লাহ মাহমুদী ওরফে ‘সাগর হুজুরকে’ মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। মামলার অপর আসামি তাঁর ভাই মাইমুন ওরফে মামুন মিয়াকে খালাস দেওয়া হয়েছে।
বুধবার দুপুরে নেত্রকোণা শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক আব্দুস সালাম আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী নুরুল কবীর রুবেল বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার নথি অনুযায়ী, আমান উল্লাহ মাহমুদীর প্রতিষ্ঠিত একটি মহিলা কওমি মাদ্রাসায় পড়াশোনার সময় শিশুটি যৌন নির্যাতনের শিকার হয়। চলতি বছরের ১৮ এপ্রিল মদন পৌর শহরের একটি ক্লিনিকে স্বাস্থ্য পরীক্ষার পর চিকিৎসক শিশুটিকে অন্তঃসত্ত্বা বলে জানান। পরে ২৩ এপ্রিল তার মা বাদী হয়ে মাদ্রাসাশিক্ষক আমান উল্লাহ মাহমুদীর বিরুদ্ধে মামলা করেন।
গত ২ জুলাই সরকারি সেফ হোমে শিশুটি একটি কন্যাসন্তানের জন্ম দেয়। তদন্তের অংশ হিসেবে সিআইডি আসামি, ভুক্তভোগী শিশু ও নবজাতকের ডিএনএ পরীক্ষা করে। পরীক্ষার ফলাফলে নবজাতকের সঙ্গে আসামির জৈবিক সম্পর্কের প্রমাণ পাওয়া যায়। আদালতও রায়ে আমান উল্লাহ মাহমুদীকে শিশুটির জৈবিক বাবা হিসেবে উল্লেখ করেছেন।
মৃত্যুদণ্ডের কারণ
রায়ের পর্যবেক্ষণে আদালত বলেন, ধর্মীয় শিক্ষক ও মসজিদের ইমাম হিসেবে দায়িত্ব পালনকারী আসামি তাঁর অবস্থান ও কর্তৃত্বের অপব্যবহার করেছেন। ১১ বছরের অসহায় শিশুকে ধারাবাহিকভাবে ধর্ষণ করে অন্তঃসত্ত্বা করার মতো গুরুতর অপরাধে কোনো ধরনের সহানুভূতি দেখানোর সুযোগ নেই।
আদালতের মতে, অপরাধের ভয়াবহতা বিবেচনায় যাবজ্জীবন কারাদণ্ড যথেষ্ট নয়। তাই সর্বোচ্চ শাস্তি হিসেবে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে।
নবজাতকের দায়িত্ব নেবে রাষ্ট্র
রায়ে নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ১৩ ধারার বিধান অনুসারে নবজাতক কন্যাসন্তানকে তার মা ও মাতুলালয়ের অভিভাবকত্বে রাখার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে রাষ্ট্রীয় ও প্রাতিষ্ঠানিক সব ক্ষেত্রে শিশুটি তার মা-বাবা উভয়ের পরিচয়ে পরিচিত হবে বলে আদেশ দিয়েছেন আদালত।
শিশুটির বিয়ে না হওয়া পর্যন্ত তার ভরণপোষণ, শিক্ষা ও চিকিৎসার যাবতীয় ব্যয় রাষ্ট্র বহন করবে। পরে সরকার এই ব্যয় দণ্ডিত আসামির সম্পত্তি থেকে বকেয়া ভূমি রাজস্বের মতো আদায় বা সম্পত্তি বাজেয়াপ্ত করে আদায় করতে পারবে।
শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপত্তা জোরদারের তাগিদ
রায়ের পর্যবেক্ষণে আদালত শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক কর্তৃক যৌন হয়রানি ও নির্যাতনের ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। এ ধরনের অপরাধ প্রতিরোধে কার্যকর আইনগত ও প্রাতিষ্ঠানিক ব্যবস্থা জোরদারের প্রয়োজনীয়তা তুলে ধরা হয়।
এ ক্ষেত্রে ২০০৯ সালে হাইকোর্টের দেওয়া যৌন হয়রানি প্রতিরোধ ও অভিযোগ নিষ্পত্তিসংক্রান্ত নির্দেশনাগুলো যথাযথভাবে বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন আদালত। পাশাপাশি শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে শিক্ষাপ্রতিষ্ঠানে সিসিটিভি ক্যামেরাসহ প্রয়োজনীয় সুরক্ষাব্যবস্থা চালুর কথাও বলা হয়েছে।
রায় ঘোষণার সময় আসামির মধ্যে বিমর্ষ ভাব দেখা যায়। তবে মৃত্যুদণ্ডের আদেশ শোনার পরও তিনি নির্বিকার ছিলেন বলে আদালতকক্ষে উপস্থিত ব্যক্তিরা জানান।