নিউজ প্রবাসী ডেক্স:
রাজধানীর মিরপুরে পৃথক দুটি এলাকায় পার্কিং করে রাখা তিনটি যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। মঙ্গলবার গভীর রাত থেকে বুধবার ভোরের মধ্যে শাহ আলী ও পল্লবী থানা এলাকায় এসব ঘটনা ঘটে। আগুনে তিনটি বাসই ক্ষতিগ্রস্ত হলেও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ঘটনার সঙ্গে জড়িত কাউকে এখনো গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাত আনুমানিক ১২টা ৪৫ মিনিটে শাহ আলী থানার চিড়িয়াখানা রোডে জাহাঙ্গীর হোটেলের সামনে দাঁড়িয়ে থাকা চিড়িয়াখানা সিটি পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়। খবর পেয়ে স্থানীয়রা আগুন নেভানোর উদ্যোগ নেন। পরে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। তবে ততক্ষণে আগুন নিয়ন্ত্রণে আসে।
এ ঘটনায় বাসটির পেছনের দিকের ১৪ থেকে ১৬টি আসন, আসনের কভার, জানালার কাচ এবং বডির কিছু অংশ পুড়ে যায়। প্রাথমিক হিসাবে ক্ষয়ক্ষতির পরিমাণ দুই থেকে তিন লাখ টাকা বলে ধারণা করা হচ্ছে।
অন্যদিকে, বুধবার ভোর প্রায় ৬টা ৪০ মিনিটে পল্লবী থানার মিরপুর-১২ নম্বর সেকশনের ফুলকলি মোড়ে রাস্তার পাশে রাখা আরও দুটি বাসে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। বাস দুটি বিকল্প পরিবহন ও অভিজাত পরিবহনের।
স্থানীয়দের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও বিকল্প পরিবহনের বাসটির আসন, জানালার কাচ ও বডির বড় অংশ পুড়ে যায়। এতে প্রায় আট থেকে ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। অভিজাত পরিবহনের বাসটির পেছনের দুটি জানালার কাচ, কয়েকটি আসন ও আসনের কভার ক্ষতিগ্রস্ত হয়েছে। এ বাসে ক্ষতির পরিমাণ আনুমানিক ৫০ হাজার টাকা।
পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন জানান, মানুষের মধ্যে আতঙ্ক ছড়ানোর উদ্দেশ্যে দুর্বৃত্তরা এ ধরনের অগ্নিসংযোগ করছে বলে ধারণা করা হচ্ছে। ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
একই রাতে ও ভোরে রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকায় পরপর তিনটি বাসে আগুন দেওয়ার ঘটনায় পরিবহন খাতের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।