স্পোর্টস ডেস্ক :

ঘরের মাঠে সাফ চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত ছন্দে রয়েছে বাংলাদেশ। টুর্নামেন্টের প্রথম ম্যাচে ভুটানকে হারানোর পর দ্বিতীয় ম্যাচেও বড় জয় তুলে নিয়েছে লাল-সবুজের দল। বুধবার (১১ নভেম্বর) জাতীয় স্টেডিয়ামে শ্রীলঙ্কাকে ৪-০ গোলে পরাজিত করে গ্রুপসেরা হিসেবে সেমিফাইনাল নিশ্চিত করেছে স্বাগতিকরা।

বাংলাদেশের হয়ে প্রথমার্ধে গোল করেন শমিত সোম ও হামজা চৌধুরী। বিরতির পর ব্যবধান বাড়ান ফারহান আলী ও রাকিব হোসেন। দুই ম্যাচে পূর্ণ ছয় পয়েন্ট নিয়ে গ্রুপ পর্ব শেষ করেছে বাংলাদেশ।

অন্যদিকে শ্রীলঙ্কার বড় ব্যবধানের পরাজয়ে শেষ চারে ওঠার সুযোগ তৈরি হয় ভুটানের সামনে। প্রথম ম্যাচে বাংলাদেশের কাছে ১-০ গোলে হারলেও দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার সঙ্গে ১-১ গোলে ড্র করে সেমিফাইনালের আশা বাঁচিয়ে রেখেছিল দলটি। শেষ পর্যন্ত গোল ব্যবধানে এগিয়ে থেকে সেমিফাইনালে জায়গা করে নেয় ভুটান। বিপরীতে বাংলাদেশের কাছে ৪-০ গোলে হেরে বিদায় নিতে হয় শ্রীলঙ্কাকে।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে বাংলাদেশ। প্রথম মিনিটে রাকিব হোসেনের ক্রস থেকে আক্রমণের সুযোগ তৈরি হয়। চতুর্থ মিনিটে রাকিবকে ফাউল করলে বক্সের ঠিক বাইরে ফ্রি-কিক পায় স্বাগতিকরা। তবে হামজা চৌধুরীর নেওয়া শট লক্ষ্যে পৌঁছায়নি।

অষ্টম মিনিটে এগিয়ে যায় বাংলাদেশ। হামজার ক্রস সামলাতে গিয়ে শ্রীলঙ্কার গোলরক্ষক সুজন পেরেরা ব্যর্থ হন। বলটি এক ডিফেন্ডারের গায়ে লেগে শমিত সোমের কাছে এলে প্রথম শটটি বাধা পায়। ফিরতি বলে দ্বিতীয় প্রচেষ্টায় জালে পাঠিয়ে দলকে ১-০ ব্যবধানে এগিয়ে দেন তিনি।

গোল হজমের পর সমতা ফেরাতে আক্রমণ বাড়ায় শ্রীলঙ্কা। তবে বাংলাদেশের রক্ষণভাগ চাপ সামলে পাল্টা আক্রমণ চালিয়ে যায়। বেশ কয়েকটি সুযোগ তৈরি হলেও প্রথমদিকে সেগুলো কাজে লাগাতে পারেনি স্বাগতিকরা।

প্রথমার্ধের শেষ দিকে ব্যবধান দ্বিগুণ করেন অধিনায়ক হামজা চৌধুরী। ইব্রাহিমানের লম্বা পাস থেকে বল পেয়ে প্রতিপক্ষের এক ডিফেন্ডার ও গোলরক্ষককে পরাস্ত করে জোরালো শটে জালে বল পাঠান তিনি। ২-০ ব্যবধানে এগিয়ে বিরতিতে যায় বাংলাদেশ।

দ্বিতীয়ার্ধে আরও একটি দৃষ্টিনন্দন গোল উপহার দেন ফারহান আলী। বক্সের বাইরে বল পেয়ে বাঁ দিক দিয়ে ভেতরে ঢুকে একে একে তিনজন প্রতিপক্ষ খেলোয়াড়কে কাটিয়ে জালে বল পাঠান তিনি। ম্যাচের ৫৩তম মিনিটে করা এই গোলে বাংলাদেশের ব্যবধান দাঁড়ায় ৩-০।

ম্যাচের শেষ দিকে গোলের খাতায় নাম লেখান রাকিব হোসেন। ৮৭তম মিনিটে প্রতিপক্ষ গোলরক্ষকের মাথার ওপর দিয়ে বল তুলে দিয়ে বাংলাদেশের চতুর্থ গোলটি করেন এই ফরোয়ার্ড।

চার গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ার পাশাপাশি গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে সেমিফাইনালে জায়গা নিশ্চিত করেছে বাংলাদেশ। শেষ চারের লড়াইয়ে তাদের সঙ্গী হয়েছে ভুটানও।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts