নিউজ প্রেবাসী ডেক্স :
চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) দায়িত্ব পালনের দুই বছরে প্রতিষ্ঠানটির আর্থিক সক্ষমতা বাড়ানোকে নিজের বড় অর্জন হিসেবে দেখছেন প্রশাসক শাহাদাত হোসেন। তবে পরিচ্ছন্ন নগরী গড়ার প্রতিশ্রুতি পুরোপুরি বাস্তবায়ন করতে না পারাকে ব্যর্থতা হিসেবে স্বীকার করেছেন তিনি। অন্যদিকে, নগরীর জলাবদ্ধতা পরিস্থিতির ৭০ শতাংশ উন্নতি হয়েছে বলে দাবি করেছেন এই জনপ্রতিনিধি।
২০২৪ সালের ৩ নভেম্বর মেয়র হিসেবে শপথ নিয়েছিলেন শাহাদাত হোসেন। এর আগে চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে পরাজিত হলেও ২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর আদালতের রায়ে মেয়রের দায়িত্ব পান তিনি। পরে গত ২৫ অক্টোবর সরকারি আদেশে তাঁকে সিটি করপোরেশনের প্রশাসক করা হয়।
দুই বছর দায়িত্ব পালনের অভিজ্ঞতা তুলে ধরে শাহাদাত বলেন, দেনার পরিমাণ কমিয়ে রাজস্ব আয় বাড়ানোর মাধ্যমে চসিককে অনেকটাই স্বাবলম্বী করা সম্ভব হয়েছে। তাঁর দেওয়া তথ্য অনুযায়ী, দুই বছর আগে সংস্থাটির দেনা ছিল ৫৯৬ কোটি টাকা। বর্তমানে তা কমে দাঁড়িয়েছে ৩২৫ কোটি টাকায়।
রাজস্ব আদায়েও উল্লেখযোগ্য অগ্রগতির কথা জানিয়েছেন তিনি। ২০২৫-২৬ অর্থবছরে চসিকের রাজস্ব আয় হয়েছে ৫৫৭ কোটি টাকা, যা সংস্থাটির ইতিহাসে সর্বোচ্চ। আগের অর্থবছরের তুলনায় এ আয় ১৭৩ কোটি টাকা বেশি।
শাহাদাত হোসেনের লক্ষ্য, কেন্দ্রীয় সরকারের ওপর নির্ভরতা কমিয়ে একটি পূর্ণাঙ্গ স্বনির্ভর সিটি করপোরেশন গড়ে তোলা। এ জন্য নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের মানুষের আবাসনের লক্ষ্যে ৮০০টি ফ্ল্যাট নির্মাণ, ১২০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনকেন্দ্র স্থাপন এবং একটি ইকোপার্ক গড়ে তোলার পরিকল্পনার কথা জানিয়েছেন তিনি।
নাগরিক অভিযোগ দ্রুত নিষ্পত্তির জন্য চালু করা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপকেও নিজের অর্জনের তালিকায় রেখেছেন প্রশাসক। তাঁর ভাষ্য, চার মাসে অ্যাপটির মাধ্যমে ৬ হাজার ৫০০টি অভিযোগ জমা পড়েছে। এর মধ্যে ৪ হাজার ২০০টির সমাধান করা হয়েছে, যা মোট অভিযোগের প্রায় ৬০ শতাংশ।
অবকাঠামো উন্নয়ন ও নগর আলোকায়নে প্রায় আড়াই হাজার কোটি টাকা ব্যয়ের কথা উল্লেখ করে শাহাদাত জানান, ৩৫৭ কিলোমিটার সড়ক উন্নয়ন এবং ১ হাজার ৬০০ কিলোমিটার ড্রেন নির্মাণ করা হয়েছে। এ ছাড়া ৩৮টি ফুটওভার ব্রিজ, ১০টি সেতু ও ২০টি কালভার্ট নির্মাণের কাজ চলছে বা সম্পন্ন হয়েছে। পতেঙ্গা থেকে মোহরা পর্যন্ত সড়কের আইল্যান্ড সৌন্দর্যবর্ধনের উদ্যোগও নেওয়া হয়েছে। পতেঙ্গায় দেশের প্রথম সাইকেল ট্র্যাক নির্মাণের দাবিও করেন তিনি।
জলাবদ্ধতা নিরসনে ৭০ শতাংশ অগ্রগতির দাবি
চট্টগ্রামের দীর্ঘদিনের বড় সমস্যা জলাবদ্ধতা নিরসনে অগ্রগতি হয়েছে বলে দাবি করেছেন শাহাদাত হোসেন। তাঁর মতে, সমন্বিত উদ্যোগের ফলে পরিস্থিতির প্রায় ৭০ শতাংশ উন্নতি হয়েছে। এ বিষয়ে বিভিন্ন সংস্থার কাজের মধ্যে সমন্বয় করতে ১৯ সদস্যের একটি কমিটিও গঠন করা হয়েছে।
তিনি বলেন, আগে বহদ্দারহাট, মুরাদপুর, বাকলিয়া ও আগ্রাবাদ এক্সেস রোডের মতো এলাকায় নিয়মিত পানি জমলেও বর্তমানে পরিস্থিতির উন্নতি হয়েছে। চলমান প্রকল্পের কাজ শেষ হলে খালগুলো সিটি করপোরেশনের কাছে হস্তান্তর করা হবে। এরপর খালের পাড়ে হাঁটার পথ ও সাইকেল ট্র্যাক নির্মাণের পরিকল্পনা রয়েছে।
এ ছাড়া নগরীর অবশিষ্ট ৪০টি খাল সংস্কারের জন্য নতুন উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) তৈরির কাজ চলছে। এসব খালের উন্নয়ন সম্পন্ন হলে জলাবদ্ধতা আরও কমবে বলে আশা প্রকাশ করেন তিনি।
চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) ৩৬টি খাল নিয়ে ৮ হাজার ৬২৬ কোটি টাকার মেগা প্রকল্প চলমান রয়েছে। প্রায় নয় বছর ধরে প্রকল্পের কাজ চললেও চলতি বছর অতিবৃষ্টিতে নগরীর বিভিন্ন এলাকায় একাধিকবার জলাবদ্ধতা দেখা দেওয়ায় এ নিয়ে সমালোচনা তৈরি হয়।
নগরীতে মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংয়ের তৎপরতা কমাতে ৪১টি ওয়ার্ডে একটি করে খেলার মাঠ তৈরির প্রতিশ্রুতি দিয়েছিলেন শাহাদাত। তাঁর দাবি, এর মধ্যে ১১টির কাজ শেষ হয়েছে। পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানে হেলথ কার্ড চালু এবং সিটি করপোরেশন জেনারেল হাসপাতালের সেবার মান উন্নয়নকেও সাফল্য হিসেবে উল্লেখ করেছেন তিনি।
পরিচ্ছন্ন নগরী গড়তে স্বীকার করলেন সীমাবদ্ধতা
‘গ্রিন, ক্লিন ও হেলদি সিটি’ গড়ার প্রতিশ্রুতি দিলেও পরিচ্ছন্নতার ক্ষেত্রে প্রত্যাশিত সাফল্য আসেনি বলে স্বীকার করেছেন শাহাদাত হোসেন। তিনি বলেন, এ কাজটি বেশ কঠিন। নাগরিকদের সচেতনতা ও সহযোগিতা ছাড়া শুধু সিটি করপোরেশনের উদ্যোগে পরিচ্ছন্ন শহর গড়ে তোলা সম্ভব নয়। তাই জনসচেতনতা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের উদ্যোগ নিয়েও আশাবাদী তিনি। এ বিষয়ে কয়েকটি বিদেশি সংস্থা ও প্রতিষ্ঠান আগ্রহ দেখিয়েছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে বর্জ্য ব্যবস্থাপনায় আরও কার্যকর পরিবর্তন আসবে বলে মনে করেন প্রশাসক।
পরিকল্পিত নগরায়ণ নিশ্চিত করতে ‘নগর সরকার’ প্রতিষ্ঠার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেছেন শাহাদাত। তাঁর আশা, নগরীর বিভিন্ন সেবা ও উন্নয়ন কার্যক্রমে সমন্বয় আনতে প্রধানমন্ত্রী এ ধরনের ব্যবস্থা গড়ে তোলার উদ্যোগ নেবেন।
দুই বছরের দায়িত্ব পালনে আর্থিক ব্যবস্থাপনা ও অবকাঠামো উন্নয়নে অগ্রগতির দাবি থাকলেও পরিচ্ছন্নতা ও জলাবদ্ধতার মতো নাগরিক দুর্ভোগের বিষয়গুলো এখনো চট্টগ্রাম সিটি করপোরেশনের সামনে বড় চ্যালেঞ্জ হিসেবেই রয়ে গেছে।