নিউজ প্রবাসী ডেক্স:

নারীদের নিরাপদ ও পরিবেশবান্ধব যাতায়াত নিশ্চিত করতে আরও ১০০টি বৈদ্যুতিক বাস কেনার উদ্যোগ নিয়েছে সরকার। বাস সংগ্রহ, চার্জিং স্টেশন স্থাপন এবং প্রয়োজনীয় অবকাঠামো তৈরিতে বরাদ্দ রাখা হয়েছে ৪০০ কোটি টাকা। আগামী বছরের ২৫ ফেব্রুয়ারির মধ্যে বাসগুলো বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) কাছে হস্তান্তরের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

বিআরটিসির চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর জানান, বাস কেনার দায়িত্ব পেয়েছে প্রগতি ইন্ডাস্ট্রিজ। প্রতিষ্ঠানটি চীনের কয়েকটি বাস প্রস্তুতকারক প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা করেছে। পরিকল্পনা অনুযায়ী, আগামী ১৮ নভেম্বর দরপত্র আহ্বান এবং ২২ নভেম্বর ক্রয়াদেশ চূড়ান্ত করা হবে। পরে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির অনুমোদনের জন্য প্রস্তাব পাঠানো হবে।

উন্মুক্ত দরপত্রের পরিবর্তে সরাসরি ক্রয় পদ্ধতিতে বাসগুলো সংগ্রহের পরিকল্পনা রয়েছে। এর আগে গত ৬ আগস্ট ২০০টি বৈদ্যুতিক বাস কেনা এবং প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণে ৮০০ কোটি টাকার প্রকল্পে নীতিগত অনুমোদন দেয় সরকার। প্রকল্পটির প্রথম পর্যায়ে নারীদের জন্য ১০০টি বাস কেনা হচ্ছে।

এদিকে, নারীদের জন্য চালু হওয়া ‘পিংক বাস’ সেবায় যাত্রীসংখ্যা কম থাকার বিষয়টি নিয়েও আলোচনা চলছে। গত ১৮ আগস্ট ঢাকা, চট্টগ্রাম ও বগুড়ার ১৩টি পথে ১৪টি বাস নিয়ে পরীক্ষামূলকভাবে এ সেবা শুরু হয়। নারী চালক ও সহকারীদের পরিচালনায় বাসগুলো সাধারণত সকালে ও বিকেলে দুটি করে ট্রিপ দেয়। তবে অনেক সময় আসন খালি থাকছে।

বিআরটিসি চেয়ারম্যানের মতে, নারী যাত্রীদের সঙ্গে অনেক সময় স্বামী, ভাই কিংবা সন্তান থাকেন। কিন্তু বাসে পুরুষ সহযাত্রীদের ওঠার অনুমতি না থাকায় যাত্রীসংখ্যা কম হচ্ছে। এ সমস্যা সমাধানে ১৬ বছর বয়স পর্যন্ত অথবা সর্বোচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী পুরুষ সহযাত্রীদের বাসে চলাচলের অনুমতি চেয়ে সড়ক পরিবহন বিভাগে প্রস্তাব পাঠিয়েছে সংস্থাটি।

এ ছাড়া নারীদের জন্য নির্ধারিত বাসের কিছু আসন পুরুষ যাত্রীদের জন্য উন্মুক্ত রাখার প্রস্তাবও বিবেচনায় রয়েছে। এ বিষয়ে জনমত জানতে সামাজিক জরিপ করার পরিকল্পনা করেছে বিআরটিসি।

নতুন ১০০টি বৈদ্যুতিক বাস যুক্ত হলে রাজধানীর বাইরেও দেশের বিভিন্ন বিভাগে নারীদের জন্য বিশেষ পরিবহনসেবা সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে সংস্থাটির।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts