
নিজস্ব প্রতিবেদক, যশোর
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর–৩ (সদর) আসনে বেসরকারি ফলাফলে বিজয়ী হয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত।
১৯০টি ভোটকেন্দ্রের প্রাপ্ত ফলাফল অনুযায়ী তিনি মোট ২,০১,৯১৭ ভোট পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামী প্রার্থী আব্দুল কাদের (ভিপি কাদের) পেয়েছেন ১,৮৭,১৬২ ভোট। দুই প্রার্থীর ভোট ব্যবধান দাঁড়িয়েছে ১৪,৭৫৫।
এই আসনে (যশোর সদর উপজেলা, বসুন্দিয়া ইউনিয়ন ব্যতীত) মোট ভোটার ছিলেন ৬,১৩,৪৬০ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৩,০৭,৫৪৯ জন এবং নারী ভোটার ৩,০৫,৯০১ জন।
নির্বাচন সংশ্লিষ্ট সূত্র জানায়, সকাল থেকেই কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। পুরো দিনজুড়ে ভোটগ্রহণ শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়। ধানের শীষ ও দাঁড়িপাল্লা প্রতীকের সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়, যার ফলে শেষ মুহূর্ত পর্যন্ত ফলাফল নিয়ে ছিল টানটান উত্তেজনা।
বেসরকারি ফল ঘোষণা হওয়ার পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর নেতাকর্মীরা যশোর শহরের বিভিন্ন স্থানে বিজয় মিছিল ও আনন্দ উদযাপন করেন।
প্রতিক্রিয়ায় নবনির্বাচিত সংসদ সদস্য অনিন্দ্য ইসলাম অমিত বলেন,
“এই বিজয় যশোরবাসীর রায় ও আস্থার প্রতিফলন। আমি সকল ভোটার ও নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞ।”
অন্যদিকে পরাজিত প্রার্থীর পক্ষ থেকেও নির্বাচনে শক্ত প্রতিদ্বন্দ্বিতার কথা উল্লেখ করা হয়েছে। সংশ্লিষ্টরা জানান, আনুষ্ঠানিক ফল প্রকাশের পর নির্বাচনের সামগ্রিক চিত্র আরও পরিষ্কার হবে।