নিউজ প্রবাসী ডেক্স :
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরানের সম্ভাব্য হামলার আশঙ্কায় তাকে সর্বোচ্চ নিরাপত্তা সতর্কতার মধ্যে চলতে হচ্ছে। তার ভাষ্য, ইরানের ‘হত্যার তালিকায়’ তিনি এক নম্বর লক্ষ্যবস্তু।
বৃহস্পতিবার তুরস্ক সফর শেষে যুক্তরাষ্ট্রে ফেরার পথে প্রেসিডেন্টের বিশেষ বিমান এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন ট্রাম্প। এ সময় নিরাপত্তাজনিত কারণে বিমানের জানালার পর্দা নামিয়ে রাখতে নির্দেশ দেওয়া হয়।
ট্রাম্প বলেন, ইরানের পক্ষ থেকে সবসময়ই তার প্রতি নিরাপত্তা হুমকি রয়েছে। এমনকি মাঝ আকাশে বিমানও ঝুঁকির মুখে পড়তে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন। সাংবাদিকদের উদ্দেশে তিনি রসিকতার সুরে বলেন, “আমি মারা গেলে আপনারাও নিরাপদ থাকবেন না।”
মার্কিন প্রেসিডেন্টের এই মন্তব্য এমন সময় এলো, যখন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা আবারও বেড়েছে। সাম্প্রতিক সময়ে ইরানের বিভিন্ন এলাকায় নতুন করে হামলার খবর প্রকাশিত হয়েছে এবং দুই দেশের কূটনৈতিক সম্পর্কও চরম টানাপোড়েনের মধ্যে রয়েছে।
এদিকে ট্রাম্প তুরস্ক সফরে নতুন ‘এয়ার ফোর্স ওয়ান’ ব্যবহার করলেও ফেরার পথে পুরোনো বিমান ব্যবহার করেন। কেন শেষ মুহূর্তে বিমান পরিবর্তন করা হলো, সে বিষয়ে হোয়াইট হাউস আনুষ্ঠানিকভাবে কোনো ব্যাখ্যা দেয়নি।
ট্রাম্পের এই বক্তব্য আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে নিরাপত্তা ও যুক্তরাষ্ট্র-ইরান সম্পর্ক নিয়ে আলোচনার জন্ম দিয়েছে।