কোস্টারিকার বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে বড় জয় তুলে নিয়েছে আর্জেন্টিনা। তরুণ খেলোয়াড়দের দাপটে প্রতিপক্ষকে কোনো সুযোগ না দিয়ে ৭-০ গোলের ব্যবধানে জিতেছে লিওনেল স্কালোনির দল।
বাংলাদেশ সময় বুধবার সকালে কর্দোবায় অনুষ্ঠিত প্রীতি ম্যাচে আর্জেন্টিনার হয়ে জোড়া গোল করেন হুলিয়ান আলভারেস, নিকো পাহ ও ফ্রাঙ্কো মাস্তানতুয়েনো। বাকি গোলটি করেন আলেক্সিস মাক আলিস্তের।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে স্বাগতিকরা। পঞ্চম মিনিটে এনসো ফের্নান্দেসের একটি শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। তবে অষ্টম মিনিটেই গোলের দেখা পায় আর্জেন্টিনা। হুলিয়ান আলভারেসের উদ্দেশে বাড়ানো বল মাঝপথে নিয়ন্ত্রণে নিয়ে আড়াআড়ি শটে জাল কাঁপান নিকো পাহ।
১৮ মিনিটে সমতায় ফেরার সুযোগ পেয়েছিল কোস্টারিকা। জেরাল্ড টেইলরের ক্রস থেকে জসিমার মেন্দেসের নেওয়া শট দারুণ দক্ষতায় আটকে দেন চোট কাটিয়ে ফেরা আর্জেন্টাইন গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেস।
৩৫ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন আলভারেস। আগুস্তিন জিয়াইয়ের পাস থেকে পেনাল্টি এলাকার কাছাকাছি বল পেয়ে প্রথম স্পর্শেই লক্ষ্যভেদ করেন আতলেতিকো মাদ্রিদের এই স্ট্রাইকার। এর মধ্য দিয়ে টানা দ্বিতীয় ম্যাচে গোল পেলেন তিনি।
এরপর আর্জেন্টিনার আক্রমণের গতি আরও বাড়ে। ৩৮ মিনিটে ম্যাক্সিমো পেরোনের পাস থেকে নিজের দ্বিতীয় গোলটি করেন পাহ। পাঁচ মিনিট পর ফ্রাঙ্কো প্রেস্তিয়ান্নির কাছ থেকে বল পেয়ে ডিফেন্ডারকে কাটিয়ে কাছের পোস্ট দিয়ে জালে পাঠান আলভারেস। তাতে প্রথমার্ধেই ৪-০ ব্যবধানে এগিয়ে যায় আর্জেন্টিনা।
দ্বিতীয়ার্ধের শুরুতেই ব্যবধান ৫-০ করেন বদলি হিসেবে মাঠে নামা ফ্রাঙ্কো মাস্তানতুয়েনো। ম্যাক্সিমো পেরোনের পাস কাজে লাগিয়ে গোলরক্ষককে পরাস্ত করেন তিনি।
এরপর দীর্ঘ সময় আর গোলের দেখা পায়নি আর্জেন্টিনা। তবে ম্যাচের ৭৮ মিনিটে আলেক্সিস মাক আলিস্তেরের গোলে ব্যবধান ৬-০ হয়। লিভারপুলের এই মিডফিল্ডার বক্সের ভেতর বল পেয়ে জায়গা তৈরি করে জোরালো শটে লক্ষ্যভেদ করেন।
খেলার শেষ দিকে ৮৮ মিনিটে নিজের দ্বিতীয় গোল করে আর্জেন্টিনার বড় জয় নিশ্চিত করেন মাস্তানতুয়েনো। জুলিয়ানো সিমেওনের কাছ থেকে বল পেয়ে বক্সের সামনে থেকে জালে পাঠান তিনি।
শেষ পর্যন্ত ৭-০ গোলের বিশাল জয় নিয়ে মাঠ ছাড়ে আর্জেন্টিনা। অন্যদিকে পুরো ম্যাচে আর্জেন্টিনার আক্রমণ সামলাতে ব্যর্থ হয়ে হতাশায় ডোবে কোস্টারিকা।