ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) সঙ্গে যোগসাজশ এবং দেশটির অভ্যন্তরীণ পরিস্থিতি অস্থিতিশীল করার ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগে ৬৪ জন শিয়া আলেমকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন বাহরাইনের একটি আদালত। একই মামলায় আরও পাঁচ ধর্মীয় নেতাকে ১৫ বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে।

সোমবার (১৬ নভেম্বর) আদালত এ রায় ঘোষণা করেন। রায়ের ফলে দেশটিতে শিয়া ধর্মীয় নেতাদের বিরুদ্ধে চলমান দমন-পীড়ন নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে।

বাহরাইন যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ মিত্র। দেশটিতে মার্কিন নৌবাহিনীর পঞ্চম নৌবহর মোতায়েন রয়েছে। সুন্নি রাজপরিবারের শাসনাধীন দেশটির জনসংখ্যার বড় একটি অংশ শিয়া সম্প্রদায়ের। দীর্ঘদিন ধরেই আঞ্চলিক রাজনীতিতে ইরানের প্রভাব নিয়ে উদ্বিগ্ন বাহরাইন সরকার।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাতে ওয়াশিংটনের পক্ষ নেওয়ায় তেহরানের সমালোচনার মুখে পড়ে বাহরাইন। এর পরিপ্রেক্ষিতে দেশটির শিয়া ধর্মীয় নেতা ও আলেমদের বিরুদ্ধে ইরানের পক্ষে উসকানি এবং গুপ্তচরবৃত্তির অভিযোগ আনা হয়।

গত ৫ জুলাই এ-সংক্রান্ত বিচারপ্রক্রিয়া শুরু হয়। মানবাধিকার সংগঠন বাহরাইন ইনস্টিটিউট ফর রাইটস অ্যান্ড ডেমোক্রেসি (বার্ড) সাজাপ্রাপ্তদের পক্ষে আইনি সহায়তা দিয়েছে। সংগঠনটির দাবি, মে ও জুন মাসে গ্রেপ্তার হওয়া ধর্মীয় নেতাদের সবাইকে সাজা দেওয়া হয়েছে। কোনো আসামিই খালাস পাননি।

বার্ড ও রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, গত মে-জুন মাসে প্রায় ৭০ জন ধর্মীয় নেতা ও আলেমকে গ্রেপ্তার করে বাহরাইনের পুলিশ। তাঁদের বিরুদ্ধে আইআরজিসির সহায়তায় বিদ্রোহ উসকে দেওয়া এবং দেশটির বিদ্যমান শাসনব্যবস্থা উৎখাতের ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়।

যাবজ্জীবন সাজাপ্রাপ্তদের মধ্যে রয়েছেন বাহরাইনের শিয়া সম্প্রদায়ের প্রভাবশালী আধ্যাত্মিক নেতা শেখ ঈসা কাসিম। ২০১৮ সাল থেকে তিনি ইরানে বসবাস করছেন।

বার্ডের অ্যাডভোকেসি বিভাগের পরিচালক সায়েদ আহমেদ আল-ওয়াদাই এ রায়কে প্রতিশোধমূলক কর্মকাণ্ড হিসেবে অভিহিত করেছেন। তাঁর মতে, আশির দশকের শেষভাগে বয়স এমন একজন ব্যক্তিকে এমন দণ্ড দেওয়া অত্যন্ত উদ্বেগজনক।

এর আগে ২০১৬ সালে শেখ ঈসা কাসিমের নাগরিকত্ব বাতিল করেছিল বাহরাইন সরকার। সাম্প্রদায়িক উসকানি, বিদেশি স্বার্থ রক্ষা এবং রাষ্ট্রের প্রতি আনুগত্যহীনতার অভিযোগে ওই সিদ্ধান্ত নেওয়া হয়। এর প্রতিবাদে দেশটিতে বিক্ষোভ ছড়িয়ে পড়লে সরকার আন্তর্জাতিক মহলের সমালোচনার মুখে পড়ে।

বাহরাইনের শিয়া সম্প্রদায়ের অনেকের অভিযোগ, ধর্মীয় পরিচয়ের কারণে তাঁরা দীর্ঘদিন ধরে বৈষম্য ও নিপীড়নের শিকার হচ্ছেন। ২০১০-এর দশকের শুরুতে সরকারবিরোধী আন্দোলনের সময় শত শত বিক্ষোভকারীকে কারাবন্দি করা হয়েছিল, যাঁদের অধিকাংশই ছিলেন শিয়া।

অন্যদিকে, ইরান বরাবরই বাহরাইনের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের অভিযোগ অস্বীকার করে আসছে। তবে চলমান আঞ্চলিক সংঘাতের কারণে দুই দেশের মধ্যে উত্তেজনা আরও বেড়েছে।

বাহরাইনের জননিরাপত্তা বিভাগের প্রধান লেফটেন্যান্ট জেনারেল তারিক আল হাসানের দাবি, অভিযুক্তরা বাহরাইনের রাষ্ট্রীয় কর্তৃপক্ষের চেয়ে ইরানের নেতৃত্বের প্রতি বেশি আনুগত্যশীল একটি আদর্শ অনুসরণ করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts