নিউজ প্রবাসী ডেস্ক
তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি ১৮ হাজার ৫৭৮ টাকা থেকে ২৪ হাজার ২০৪ টাকার মধ্যে নির্ধারণের প্রস্তাব দিয়েছে বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)। জীবনযাত্রার ব্যয় ও পরিবারের ন্যূনতম চাহিদা বিবেচনায় নিয়ে আলোচনার মাধ্যমে এ মজুরি নির্ধারণের সুপারিশ করেছে সংস্থাটি।
বুধবার (১৮ নভেম্বর) সকালে রাজধানীর ধানমণ্ডিতে সিপিডির কার্যালয়ে ‘পোশাক খাতে ন্যায্য মজুরি ২০২৬: বিবেচ্য বিষয়সমূহ’ শীর্ষক মিডিয়া ব্রিফিংয়ে এ প্রস্তাব তুলে ধরা হয়।
সিপিডির হিসাব অনুযায়ী, মূল্যস্ফীতির সঙ্গে সমন্বয় করলে ২০২৩ সালে নির্ধারিত ১২ হাজার ৫০০ টাকার ন্যূনতম মজুরির বর্তমান মূল্য দাঁড়ায় ১৬ হাজার ৩৫১ টাকা। তবে চার সদস্যের একটি পরিবারকে দারিদ্র্যসীমার ওপরে রাখতে মাসে অন্তত ১৮ হাজার ৫৭৮ টাকা প্রয়োজন। আর ন্যূনতম মর্যাদাপূর্ণ জীবনযাপনের জন্য প্রয়োজন ২৪ হাজার ২০৪ টাকা।
সংস্থাটির মতে, পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণের ক্ষেত্রে শুধু মালিক ও শ্রমিকপক্ষের দর-কষাকষির ওপর নির্ভর করা যথেষ্ট নয়। এ ক্ষেত্রে জীবনযাত্রার ব্যয়, মূল্যস্ফীতি, উৎপাদনশীলতা এবং পোশাকশিল্পের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিতে হবে।
সিপিডি মনে করে, শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করতে তথ্য-উপাত্ত ও বাস্তব পরিস্থিতির ভিত্তিতে একটি কার্যকর পদ্ধতি চালু করা প্রয়োজন। এতে শ্রমিকদের জীবনমান উন্নয়নের পাশাপাশি শিল্পের সক্ষমতার বিষয়টিও বিবেচনায় রাখা সম্ভব হবে।