বিনোদন ডেস্ক :
ব্যক্তিগত সম্পর্ক ও দাম্পত্য জীবনের নানা ঘটনা নিয়ে বরাবরই আলোচনায় থাকেন হলিউড তারকা জেনিফার লোপেজ। চারবার বিয়ের পর এবার এক ভক্তের কাছ থেকে আরও ছয়বার বিয়ের সুযোগ নিয়ে মজার মন্তব্য শুনতে হলো এই অভিনেত্রী ও সংগীতশিল্পীকে। তবে বিরূপ প্রতিক্রিয়া না দেখিয়ে হাসিমুখেই সেই মন্তব্যের জবাব দিয়েছেন তিনি।
সম্প্রতি নিউইয়র্কে ‘দ্য জেলো শো’-এর বিশেষ প্রদর্শনীতে উপস্থিত হয়েছিলেন জেনিফার। সেখানে অভিনেত্রী র্যাচেল জেগলারের সঙ্গে নিজের চারটি বিয়ে নিয়ে আলোচনা করছিলেন তিনি। এ সময় দর্শক সারি থেকে এক ভক্ত বলে ওঠেন, ‘আপনার হাতে এখনও ছয়টি আঙুল বাকি আছে।’ অর্থাৎ আরও ছয়বার বিয়ে করার সুযোগ রয়েছে বলে রসিকতা করেন ওই দর্শক।
ভক্তের এমন মন্তব্যে হেসে জবাব দেন জেনিফার। তিনি বলেন, ‘হ্যাঁ, আছে।’ পাশাপাশি মন্তব্যটিকে জীবনে শোনা সবচেয়ে মজার কথাগুলোর একটি বলে উল্লেখ করেন। পরে র্যাচেল ও জেনিফার দুজনেই মজা করে বলেন, কথাটি টি-শার্টে ছাপানো উচিত।
জেনিফার আরও জানান, ভবিষ্যতে কেউ তাঁর বিবাহবিচ্ছেদ নিয়ে প্রশ্ন তুললে তিনি বলবেন, ‘আমার আরও ছয়টি আঙুল আছে।’ তবে হাস্যরসের মধ্যেই নিজের অনুভূতি প্রকাশ করে এই তারকা বলেন, নতুন করে এমন সম্পর্কের অভিজ্ঞতা নেওয়ার মতো শক্তি তাঁর মধ্যে আর আছে কি না, তা নিয়ে সংশয় রয়েছে।
জেনিফারের প্রথম বিয়ে হয় ১৯৯৭ সালে ওজানি নোয়ার সঙ্গে। তবে এক বছরের মধ্যেই তাঁদের বিচ্ছেদ ঘটে। এরপর ২০০১ সালে নৃত্যশিল্পী ক্রিস জাডকে বিয়ে করেন তিনি। ২০০৩ সালে সেই সম্পর্কেরও ইতি ঘটে।
২০০৪ সালে সংগীতশিল্পী মার্ক অ্যান্থনির সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন জেনিফার। তাঁদের সংসারে জন্ম নেয় যমজ সন্তান ম্যাক্স ও এমি। দীর্ঘ সাত বছরের দাম্পত্যের পর ২০১১ সালে বিচ্ছেদের ঘোষণা দেন তাঁরা। ২০১৪ সালে আনুষ্ঠানিকভাবে বিবাহবিচ্ছেদ সম্পন্ন হয়।
অন্যদিকে, চতুর্থবারের মতো বিয়ের পিঁড়িতে বসেন হলিউড অভিনেতা বেন অ্যাফ্লেকের সঙ্গে। ২০০০-এর দশকের শুরুতে তাঁদের মধ্যে বাগদান হলেও পরে সম্পর্ক ভেঙে যায়। প্রায় দুই দশক পর আবারও কাছাকাছি আসেন তাঁরা। ২০২২ সালে বিয়ে করেন এই তারকা জুটি। তবে সেই সম্পর্কও স্থায়ী হয়নি। ২০২৪ সালে বিবাহবিচ্ছেদের আবেদন করেন জেনিফার। ২০২৫ সালের জানুয়ারিতে বিচ্ছেদ চূড়ান্ত হয়।
চারটি বিয়ের অভিজ্ঞতা পেরিয়ে এবার ভক্তের রসিকতায় হাস্যরসের মাধ্যমে নিজের অবস্থান তুলে ধরলেন এই হলিউড তারকা।