নিউজ প্রবাসী ডেক্স :
ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত থেকে দেশে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের দাবি জানিয়ে সরকারের সংশ্লিষ্ট কর্মকর্তাদের আইনি নোটিশ পাঠানো হয়েছে। আগামী ১৫ দিনের মধ্যে এ বিষয়ে কার্যকর পদক্ষেপ নেওয়ার পাশাপাশি লিখিতভাবে জবাব দেওয়ার আহ্বান জানিয়েছেন নোটিশদাতা আইনজীবী।
বুধবার (১৮ নভেম্বর) জনস্বার্থে সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মো. মাহমুদুল হাসান মামুন এ নোটিশ পাঠান।
২০২৪ সালের গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে ভারতে অবস্থান করছেন শেখ হাসিনা। নোটিশে উল্লেখ করা হয়েছে, মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক এই প্রধানমন্ত্রীকে কূটনৈতিক প্রক্রিয়ায় দেশে ফিরিয়ে এনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে হস্তান্তরের উদ্যোগ নিতে হবে।
নোটিশদাতা জানিয়েছেন, কোনো রাজনৈতিক দল, সরকার কিংবা সাবেক প্রধানমন্ত্রীর পক্ষে-বিপক্ষে অবস্থান নিয়ে তিনি এ উদ্যোগ নেননি। বরং সংবিধানের ২১(১) অনুচ্ছেদে বর্ণিত রাষ্ট্রের সার্বভৌমত্ব, ভৌগোলিক অখণ্ডতা ও জননিরাপত্তা রক্ষার দায়িত্বের বিষয়টি বিবেচনায় নিয়ে একজন নাগরিক হিসেবে নোটিশটি পাঠিয়েছেন।
এতে বলা হয়, দীর্ঘদিন প্রধানমন্ত্রীর দায়িত্বে থাকায় শেখ হাসিনার কাছে বাংলাদেশের প্রতিরক্ষা ব্যবস্থা, গোয়েন্দা কার্যক্রম, কূটনৈতিক প্রোটোকল ও জাতীয় নিরাপত্তাসংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে। ভারতে তাঁর দীর্ঘ অবস্থান এসব সংবেদনশীল তথ্যের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি করতে পারে বলে নোটিশে দাবি করা হয়েছে।
এ ছাড়া ইয়েমেনের সাবেক প্রেসিডেন্ট আবদরাব্বুহ মানসুর হাদি ও ইউক্রেনের সাবেক প্রেসিডেন্ট ভিক্টর ইয়ানুকোভিচের উদাহরণ তুলে ধরে ক্ষমতাচ্যুত রাষ্ট্রপ্রধানদের বিদেশে অবস্থানের ভূরাজনৈতিক প্রভাবের বিষয়টিও উল্লেখ করা হয়েছে।
নোটিশটি মন্ত্রিপরিষদ সচিব, পররাষ্ট্র সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব, আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের সচিব, পুলিশের মহাপরিদর্শক এবং নয়াদিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনারের কাছে রেজিস্টার্ড ডাক ও ই-মেইলে পাঠানো হয়েছে।
১৫ দিনের মধ্যে ব্যবস্থা না নিলে হাইকোর্টে রিট
নোটিশে আগামী ১৫ দিনের মধ্যে কূটনৈতিক, প্রশাসনিক ও আইনি পদক্ষেপ গ্রহণ করে লিখিতভাবে অবহিত করার দাবি জানানো হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে কার্যকর ব্যবস্থা না নেওয়া হলে সংবিধানের ১০২ অনুচ্ছেদ অনুযায়ী হাইকোর্টে জনস্বার্থে রিট আবেদন করার কথা জানিয়েছেন আইনজীবী।
দেশে ফেরানোর জন্য সাত দফা প্রস্তাব
নোটিশে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে সাতটি প্রস্তাব তুলে ধরা হয়েছে। এর মধ্যে রয়েছে, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে আনুষ্ঠানিক কূটনৈতিক পত্র পাঠিয়ে সহযোগিতা চাওয়া এবং নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে তাঁর প্রবেশ ও আত্মসমর্পণের সুযোগ তৈরি করা।
এ ছাড়া হাইকমিশন প্রাঙ্গণে আত্মসমর্পণের পর বাংলাদেশ পুলিশের বিশেষ দলের মাধ্যমে তাঁকে আইনানুগভাবে গ্রেপ্তার ও হেফাজতে নেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে। পরে ট্রাভেল পাস বা ট্রাভেল পারমিটের মাধ্যমে পুলিশের নিরাপত্তায় বাণিজ্যিক ফ্লাইট কিংবা বিশেষ উড়োজাহাজে দেশে ফিরিয়ে আনার কথাও বলা হয়েছে।
দেশে ফেরার পর নিরাপত্তার স্বার্থে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় শেখ হাসিনার পৈতৃক বাড়িকে বিশেষ সাব-জেল বা উপকারাগার হিসেবে ঘোষণা করার প্রস্তাব রয়েছে। এ জন্য সরকারি প্রজ্ঞাপন জারির পাশাপাশি ঢাকায় অবতরণের পর বিমানবন্দর থেকে হেলিকপ্টারে তাঁকে সেখানে নেওয়ার কথা উল্লেখ করা হয়েছে।
নোটিশে আরও বলা হয়েছে, দেশে ফেরার পর আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) আইন, ১৯৭৩-এর ২১ ধারা অনুযায়ী আপিলের অধিকার প্রয়োগের বিষয়টি বিবেচনা করা যেতে পারে। এ ছাড়া তাঁর বিরুদ্ধে বিভিন্ন আদালতে চলমান দেওয়ানি ও ফৌজদারি মামলার কার্যক্রম প্রয়োজনে ভার্চুয়াল পদ্ধতিতে পরিচালনার প্রস্তাব দেওয়া হয়েছে।
সব আইনি প্রক্রিয়া সম্পন্ন করে আদালতের চূড়ান্ত রায় ও আদেশ কার্যকর করার আহ্বান জানানো হয়েছে নোটিশে।