নিউজ প্রবাসী ডেক্স :
মিয়ানমারে রোহিঙ্গা মুসলিমসহ অন্যান্য সংখ্যালঘু জনগোষ্ঠীর মানবাধিকার পরিস্থিতি নিয়ে জাতিসংঘের সাধারণ পরিষদে একটি প্রস্তাব বিপুল ভোটে গৃহীত হয়েছে। প্রস্তাবটির পক্ষে ভোট দিয়েছে ১২৮টি দেশ। বিপক্ষে ছিল ছয়টি দেশ এবং ভোটদানে বিরত থেকেছে ৩৩টি দেশ।
বুধবার (১৮ নভেম্বর) অনুষ্ঠিত ভোটাভুটির আগে বাংলাদেশের পক্ষে বক্তব্য দেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের চার্জ দ্য অ্যাফেয়ার্স রাষ্ট্রদূত সঞ্চিতা হক। তিনি দীর্ঘদিনের রোহিঙ্গা সংকটের দ্রুত ও স্থায়ী সমাধানের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।
সঞ্চিতা হক বলেন, রোহিঙ্গাদের ব্যাপক বাস্তুচ্যুতির নয় বছর পার হলেও তাদের প্রত্যাবাসনে উল্লেখযোগ্য অগ্রগতি হয়নি। বরং দীর্ঘস্থায়ী এ সংকটের কারণে বাংলাদেশ ও আশ্রয়দাতা স্থানীয় জনগোষ্ঠী সামাজিক, অর্থনৈতিক, পরিবেশগত ও নিরাপত্তাসংক্রান্ত নানা সমস্যার মুখে পড়েছে।
তিনি আশা প্রকাশ করেন, প্রস্তাবটি রোহিঙ্গাদের ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় দায়ীদের জবাবদিহির আওতায় আনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
চলতি বছরের প্রস্তাবে মিয়ানমারের সামরিক বাহিনী ও আরাকান আর্মির বিরুদ্ধে রোহিঙ্গাদের ওপর গুরুতর মানবাধিকার লঙ্ঘন ও নির্যাতনের অভিযোগ তুলে ধরা হয়েছে। এতে অবিলম্বে সহিংসতা বন্ধ, মানবিক সহায়তা নিশ্চিত এবং ন্যায়বিচার ও জবাবদিহি প্রতিষ্ঠার আহ্বান জানানো হয়েছে।
এ ছাড়া ২০২৬ সালের জয়েন্ট রেসপন্স প্ল্যানসহ রোহিঙ্গাদের জন্য মানবিক সহায়তা কার্যক্রমে পর্যাপ্ত অর্থায়ন নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। একই সঙ্গে তাদের রাজনৈতিক ও ভোটাধিকার ফিরিয়ে দেওয়া এবং স্বেচ্ছায়, নিরাপদ, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসন ও পুনর্বাসনের উপযোগী পরিবেশ তৈরির আহ্বান জানানো হয়েছে।
প্রস্তাব বাস্তবায়নে আন্তর্জাতিক সম্প্রদায় ও আঞ্চলিক অংশীজনদের সম্মিলিত উদ্যোগ বাড়ানোর আহ্বান জানিয়ে সঞ্চিতা হক বলেন, রোহিঙ্গা সংকটের উৎপত্তি মিয়ানমারে; তাই এর স্থায়ী সমাধানও দেশটিতেই খুঁজে বের করতে হবে।
প্রস্তাবে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) প্রসঙ্গ থাকায় যুক্তরাষ্ট্র ভোটাভুটির আহ্বান জানায়। ভোটের ব্যাখ্যায় দেশটি জানায়, বিভিন্ন প্রস্তাবে আইসিসির উল্লেখের বিষয়ে তাদের সাধারণ আপত্তি রয়েছে। তবে মিয়ানমারে মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান অপরিবর্তিত রয়েছে বলেও জানায় দেশটি।
একই সঙ্গে এক দশকের বেশি সময় ধরে ১২ লাখেরও বেশি রোহিঙ্গাকে আশ্রয় দেওয়ায় বাংলাদেশের মানবিক ভূমিকা ও উদারতার প্রশংসা করেছে যুক্তরাষ্ট্র।