নিউজ প্রবাসী ডেক্স:
রাজধানীতে অপরাধ দমনে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৭৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এসব ঘটনায় বিভিন্ন থানায় ৪৮টি মামলা দায়ের করা হয়েছে। অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য, দেশীয় অস্ত্র ও মোবাইল ফোন উদ্ধার করেছে পুলিশ। এ ছাড়া একজন ভুক্তভোগীকেও উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (২০ নভেম্বর) ডিএমপির অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস) নিয়াজ মেহেদী অভিযানের এ তথ্য জানান।
তিনি বলেন, বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাজধানীর বিভিন্ন এলাকায় পরিচালিত অভিযানে এসব ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। বিভাগভিত্তিক গ্রেপ্তারের হিসাবে রমনায় ৪০, লালবাগে ৫০, ওয়ারীতে ৫২, মতিঝিলে ৪৭, তেজগাঁওয়ে ৬৩, মিরপুরে ১০৩, গুলশানে ৪৮ এবং উত্তরা বিভাগে ৫৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া গোয়েন্দা পুলিশ (ডিবি) ১৮ জনকে আটক করেছে।
অভিযানকালে পুলিশের হাতে দুটি হাতবোমা, আটটি ছুরি, দুটি চাপাতি, একটি রামদা, একটি অটোরিকশা ও ১১১টি মোবাইল ফোন উদ্ধার হয়।
এ ছাড়া উদ্ধার করা মাদকদ্রব্যের মধ্যে রয়েছে ৫ হাজার ৭২০ পিস ইয়াবা, ৩৩ কেজি ২ গ্রাম গাঁজা এবং পাঁচ বোতল দেশি মদ।
গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে ডিএমপি।