নিউজ প্রবাসী ডেক্স:

পাকিস্তানের সঙ্গে ২০২৫ সালের সামরিক সংঘাতের পর ভারতের বিমানবাহিনীর রাফাল যুদ্ধবিমানের সংখ্যা ৩৬ থেকে কমে ৩২টিতে দাঁড়িয়েছে। ব্রিটিশ সামরিকবিষয়ক সাময়িকী ‘ফ্লাইট ইন্টারন্যাশনাল’-এর সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। ফলে সংঘাতের সময় পাকিস্তানের ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি নতুন করে আলোচনায় এসেছে।

সাময়িকীটির বার্ষিক ‘ওয়ার্ল্ড এয়ার ফোর্সেস’ তালিকা অনুযায়ী, বর্তমানে ভারতের বিমানবাহিনীর বহরে সক্রিয় রাফাল যুদ্ধবিমান রয়েছে ৩২টি। তবে বাকি চারটি বিমান কী কারণে বহরে নেই, সে বিষয়ে প্রতিবেদনে সুনির্দিষ্ট ব্যাখ্যা দেওয়া হয়নি।

২০১৬ সালে ফ্রান্সের উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান দাসো অ্যাভিয়েশনের কাছ থেকে ৩৬টি রাফাল কেনার চুক্তি করে ভারত। চুক্তিটির মূল্য ছিল প্রায় ৮৮০ কোটি ডলার। এ ছাড়া সম্প্রতি আরও ১১৪টি রাফাল যুদ্ধবিমান কেনার সিদ্ধান্ত নিয়েছে দেশটি।

রাফাল অত্যাধুনিক দুই ইঞ্জিনবিশিষ্ট বহুমুখী যুদ্ধবিমান। আকাশযুদ্ধ, গোয়েন্দা নজরদারি, গভীর আঘাত হানা, পারমাণবিক প্রতিরোধ এবং জাহাজবিধ্বংসী অভিযানে এটি ব্যবহার করা যায়।

যুদ্ধবিমান হারানোর পাল্টাপাল্টি দাবি

২০২৫ সালের মে মাসে ভারতশাসিত কাশ্মীরে পর্যটকদের ওপর হামলার ঘটনাকে কেন্দ্র করে ভারত ও পাকিস্তানের মধ্যে চার দিনের সামরিক সংঘাত শুরু হয়। হামলার পেছনে পাকিস্তানের সংশ্লিষ্টতার অভিযোগ তোলে ভারত। তবে ইসলামাবাদ সেই অভিযোগ অস্বীকার করে।

পরবর্তী সময়ে দুই দেশ যুদ্ধবিমান, ক্ষেপণাস্ত্র, কামান ও ড্রোন ব্যবহার করে পাল্টাপাল্টি হামলা চালায়। এতে কয়েক ডজন মানুষের প্রাণহানির পাশাপাশি দুই দেশের সামরিক বিমানঘাঁটিও ক্ষতিগ্রস্ত হয়। শেষ পর্যন্ত ১০ মে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে সম্মত হয় দুই দেশ।

সংঘাতের পর পাকিস্তান দাবি করে, তারা ভারতের অন্তত ছয়টি যুদ্ধবিমান ভূপাতিত করেছে। এর মধ্যে চারটি রাফাল, একটি সুখোই-৩০, একটি মিগ-২৯ এবং একটি মিরাজ-২০০০ থাকার দাবি জানায় পাকিস্তান বিমানবাহিনী। পাশাপাশি একটি চালকবিহীন আকাশযান ধ্বংসের কথাও বলা হয়।

অন্যদিকে ভারত কয়েকটি যুদ্ধবিমান হারানোর বিষয়টি স্বীকার করলেও পাকিস্তানের ছয়টি বিমান ভূপাতিত করার দাবি প্রত্যাখ্যান করে।

রাফাল ধ্বংসের তথ্য সামনে এনেছিল ফ্রান্স

সংঘাতের পর ফ্রান্সের একজন জ্যেষ্ঠ গোয়েন্দা কর্মকর্তা মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে জানিয়েছিলেন, পাকিস্তানের হামলায় ভারতের অন্তত একটি রাফাল যুদ্ধবিমান ধ্বংস হয়েছে। আধুনিক প্রযুক্তির এই ফরাসি যুদ্ধবিমান যুদ্ধক্ষেত্রে ভূপাতিত হওয়ার ঘটনা ছিল প্রথম।

ওই কর্মকর্তা আরও জানান, একাধিক রাফাল ধ্বংস হয়েছিল কি না, তা খতিয়ে দেখছিল ফরাসি কর্তৃপক্ষ।

এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও বিভিন্ন সময়ে ভারত-পাকিস্তান সংঘাতে একাধিক যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার কথা বলেছেন। বিভিন্ন বক্তব্যে তিনি পাঁচ, সাত, আট এবং পরবর্তী সময়ে ১০টি যুদ্ধবিমান ধ্বংসের হিসাব তুলে ধরেন।

তবে ভারতীয় যুদ্ধবিমানের প্রকৃত ক্ষয়ক্ষতি নিয়ে এখনো দুই দেশের বক্তব্যে বড় ধরনের অমিল রয়েছে। ফ্লাইট ইন্টারন্যাশনালের সর্বশেষ তালিকায় রাফালের সংখ্যা কমে আসার তথ্য প্রকাশের পর বিষয়টি আবারও আন্তর্জাতিক সামরিক বিশ্লেষকদের আলোচনায় উঠে এসেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts