নিউজ প্রবাসী ডেস্ক:
কুমিল্লার সদর দক্ষিণে নিখোঁজের পাঁচ দিন পর পুকুর থেকে সোশ্যাল ইসলামী ব্যাংকের এক এজেন্ট শাখার পরিচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। চাঁদা দিতে অস্বীকৃতি জানানোয় তাঁকে হত্যা করে পুকুরে ফেলে দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় আবরাদ হাসান সজিব নামে এক কিশোর গ্যাং নেতার বিরুদ্ধে অভিযোগ করেছেন নিহতের স্বজন ও স্থানীয়রা।
শুক্রবার (২০ নভেম্বর) সকালে উপজেলার বারপাড়া ইউনিয়নের শিবপুর মধ্যমপাড়া এলাকায় সৈয়দুজ্জামানের বাড়ির পাশের একটি পুকুরে মরদেহটি ভেসে উঠতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে রেদোয়ান হোসেন রিফাতের (৩৬) মরদেহ উদ্ধার করে।
নিহত রিফাত শিবপুর মৈশান বাড়ির সাবেক ব্যাংকার দেলোয়ার হোসেনের ছেলে। তিনি লালমাই বাজারে সোশ্যাল ইসলামী ব্যাংকের একটি এজেন্ট শাখার ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করতেন। তিনি এক ছেলে ও এক মেয়ের বাবা।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার পাঁচ দিন আগে অভিযুক্ত সজিব ওই ব্যাংক শাখায় গিয়ে রিফাতের কাছে চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাঁকে মারধর করা হয় এবং তাঁর ব্যবহৃত মুঠোফোন ভাঙচুর করা হয় বলে অভিযোগ রয়েছে। এরপর থেকে রিফাতের কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। ছেলের সন্ধান না পেয়ে তাঁর বাবা দেলোয়ার হোসেন সদর দক্ষিণ মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।
স্থানীয় বাসিন্দা মনিরুল ইসলাম অভিযোগ করেন, সজিব এলাকায় কিশোর গ্যাংয়ের নেতৃত্ব দেন এবং বিভিন্ন সময় লোকজনকে মারধর করতেন। রিফাত হত্যার ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।
নিহতের বাবা দেলোয়ার হোসেন কান্নাজড়িত কণ্ঠে অভিযোগ করেন, চাঁদা না দেওয়ায় তাঁর ছেলেকে মারধর করা হয়েছিল। এরপর আর কোনো ঝামেলা হবে না বলে তিনি ভেবেছিলেন। কিন্তু শেষ পর্যন্ত ছেলের মরদেহ দেখতে হলো তাঁকে। তিনি এ হত্যাকাণ্ডের বিচার দাবি করেন।
সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল ইসলাম জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। সজিবসহ অন্য কেউ জড়িত থাকলে তাঁদের গ্রেপ্তারে অভিযান চালানো হবে।
কুমিল্লার পুলিশ সুপার আনিসুজ্জামান বলেন, বিষয়টি নিয়ে তিনি সংশ্লিষ্ট থানার ওসির সঙ্গে কথা বলছেন। ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে সর্বোচ্চ আইনগত ব্যবস্থা নেওয়া হবে