নিউজ প্রবাসী ডেস্ক:
ভারতের কলকাতা ও শিলিগুড়িতে অবস্থিত বাংলাদেশ ভিসা আবেদন কেন্দ্রের কার্যক্রমে পরিবর্তন আসছে। আগামী ৩০ নভেম্বরের পর এসব কেন্দ্রে ভিসার আবেদন জমা না দিতে আবেদনকারীদের প্রতি অনুরোধ জানিয়েছে কলকাতার বাংলাদেশ উপহাইকমিশন।
সরকারের সঙ্গে ডিইউ ডিজিটাল গ্লোবাল লিমিটেডের ভিসা আউটসোর্সিং সেবা-সংক্রান্ত চুক্তির মেয়াদ আগামী ৩০ নভেম্বর শেষ হচ্ছে। সরকার চুক্তিটি আর নবায়ন না করার সিদ্ধান্ত নিয়েছে।
এর ফলে প্রতিষ্ঠানটির পরিচালনায় থাকা কলকাতা ও শিলিগুড়ির বাংলাদেশ ভিসা আবেদন কেন্দ্র দুটি নির্ধারিত সময়ের পর বর্তমান ঠিকানায় আর কার্যক্রম পরিচালনা করবে না।
বিজ্ঞপ্তিতে সব ধরনের ভিসা আবেদনকারী ও সংশ্লিষ্ট ব্যক্তিদের ৩০ নভেম্বরের পর ওই দুই কেন্দ্রে আবেদন জমা দেওয়া থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে।
এদিকে নতুন ভিসা আবেদন কেন্দ্র কোথায় স্থাপন করা হবে এবং কোন প্রতিষ্ঠান সেগুলো পরিচালনা করবে, তা পরবর্তী সময়ে পৃথক বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে বলে উপহাইকমিশন জানিয়েছে।
নতুন কেন্দ্রের ঠিকানা ও কার্যক্রম সম্পর্কে পরবর্তী নির্দেশনার জন্য আবেদনকারীদের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিজ্ঞপ্তির দিকে নজর রাখার পরামর্শ দেওয়া হয়েছে।