নিউজ প্রবাসী ডেস্ক:

জাতিসংঘের ই-গভর্নমেন্ট ডেভেলপমেন্ট ইনডেক্স (ইজিডিআই) ২০২৬-এ তিন ধাপ এগিয়েছে বাংলাদেশ। ১৯৪টি দেশের মধ্যে ৯৭তম অবস্থানে উঠে এসেছে দেশটি। এর মধ্য দিয়ে প্রথমবারের মতো এই সূচকে দুই অঙ্কের র‍্যাঙ্কিংয়ে জায়গা করে নিল বাংলাদেশ। ২০২৪ সালের মূল্যায়নে বাংলাদেশের অবস্থান ছিল ১০০তম।

এবার সূচকে বাংলাদেশের স্কোর দাঁড়িয়েছে ০.৬৮৯৩, যা দেশের এ যাবৎকালের সর্বোচ্চ। এ স্কোরের মাধ্যমে ‘হাই ইজিডিআই’ বা উচ্চ ই-গভর্নমেন্ট শ্রেণিতে অবস্থান ধরে রেখেছে বাংলাদেশ। একই সঙ্গে ২০২৬ সালের বৈশ্বিক গড় স্কোর ০.৬৬৭৫কেও ছাড়িয়ে গেছে দেশটির অর্জন।

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় জানিয়েছে, সূচকের দুটি গুরুত্বপূর্ণ উপাদানেও রেকর্ড স্কোর অর্জন করেছে বাংলাদেশ। অনলাইন সার্ভিস ইনডেক্সে (ওএসআই) স্কোর হয়েছে ০.৮১ এবং টেলিযোগাযোগ অবকাঠামো সূচকে (টিআইআই) ০.৬৯।

জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক বিষয়ক বিভাগ (ইউএন ডেসা) প্রকাশিত ‘২০২৬ ইউএন ই-গভর্নমেন্ট সার্ভে’ প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। নাগরিকদের ডিজিটাল সেবা প্রদানের সক্ষমতা, অনলাইনভিত্তিক সরকারি পরিষেবা এবং টেলিযোগাযোগ অবকাঠামোর মতো বিষয় বিবেচনায় নিয়ে এই সূচক তৈরি করা হয়।

এবারের তালিকায় শীর্ষস্থান অর্জন করেছে দক্ষিণ কোরিয়া। প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ১৫১টি দেশ উচ্চ বা অত্যন্ত উচ্চ ই-গভর্নমেন্ট শ্রেণিতে স্থান পেয়েছে।

ডিজিটাল সরকারি সেবা সম্প্রসারণ এবং টেলিযোগাযোগ অবকাঠামোর উন্নতির প্রতিফলন হিসেবে বাংলাদেশের এই অগ্রগতিকে দেখা হচ্ছে। তবে সূচকে আরও এগিয়ে যেতে অনলাইন সেবার মান ও নাগরিকদের কাছে সেবার সহজপ্রাপ্যতা বাড়ানোর বিষয়টি গুরুত্বপূর্ণ থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts