নিউজ প্রবাসী ডেস্ক:

বৈরী আবহাওয়া ও উত্তাল সমুদ্রের কারণে সেন্ট মার্টিন দ্বীপে আটকা পড়া পর্যটকদের মধ্যে প্রায় সাড়ে চারশজন ট্রলারে করে টেকনাফে ফিরেছেন। শনিবার (২১ নভেম্বর) সকালে ১১টি সার্ভিস ট্রলারে স্থানীয় বাসিন্দাসহ মোট সাড়ে পাঁচশ যাত্রী দ্বীপ ছেড়ে টেকনাফের উদ্দেশে রওনা হন।

সেন্ট মার্টিন সার্ভিস ট্রলার মালিক সমবায় সমিতির সভাপতি আব্দুর রশিদ জানান, সকাল ৯টা থেকে সাড়ে ১০টার মধ্যে সেন্ট মার্টিন জেটিঘাট থেকে ট্রলারগুলো যাত্রা শুরু করে। দুপুর সাড়ে ১২টার দিকে সেগুলো টেকনাফের শাহপরীর দ্বীপ জেটিতে পৌঁছায়। যাত্রীদের মধ্যে প্রায় সাড়ে চারশজন ছিলেন পর্যটক।

এর আগে গত ১৮ নভেম্বর কক্সবাজার শহরের বাঁকখালী নদীর নুনিয়াছড়া ঘাট থেকে চারটি জাহাজে করে পর্যটকরা সেন্ট মার্টিন ভ্রমণে যান। জাহাজগুলো হলো এমভি বারো আউলিয়া, কর্ণফুলী এক্সপ্রেস, এমভি টেকনাফ ও এমভি মালঞ্চ। পরে আবহাওয়ার অবনতি এবং সাগর উত্তাল হয়ে ওঠায় কক্সবাজার-সেন্ট মার্টিন নৌপথে জাহাজ চলাচল বন্ধ হয়ে যায়। এতে প্রায় দেড় হাজার পর্যটক দ্বীপে আটকা পড়েন।

সেন্ট মার্টিন ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফয়েজুল ইসলাম জানান, জরুরি প্রয়োজন, অসুস্থতা এবং নিজ উদ্যোগে দ্বীপ ছাড়তে আগ্রহীদের ১১টি সার্ভিস ট্রলারে করে টেকনাফে পাঠানো হয়েছে। এখনো দ্বীপে বেশ কিছু পর্যটক অবস্থান করছেন। তাঁদের মধ্যে কয়েকজনের জন্য হোটেলে বিনা মূল্যে থাকার ব্যবস্থা করা হয়েছে। অসুস্থ পর্যটকদের নিরাপদে ফিরিয়ে নেওয়ার উদ্যোগও চলছে।

এদিকে সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত জারি থাকায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কক্সবাজার-সেন্ট মার্টিনসহ চট্টগ্রাম বিভাগের বিভিন্ন নৌপথে পর্যটকবাহীসহ সব ধরনের নৌযান চলাচল বন্ধ রেখেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। ফলে জাহাজে করে আটকে পড়া পর্যটকদের ফিরিয়ে আনা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।

কক্সবাজার আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ মো. আব্দুল হান্নান জানান, শনিবারও ৩ নম্বর সতর্কসংকেত বহাল ছিল। তবে দিনের মধ্যে সংকেত কমে আসার সম্ভাবনা রয়েছে। রোববার থেকে আবহাওয়ার উন্নতি এবং সোমবার নাগাদ পরিস্থিতি স্বাভাবিক হওয়ার আশা করা হচ্ছে।

বিআইডব্লিউটিএর চট্টগ্রাম কার্যালয়ের নৌ-নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগ থেকে জারি করা বিজ্ঞপ্তিতে সংশ্লিষ্ট নৌপথের মালিক ও মাস্টারদের সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, চট্টগ্রাম-চরগজারিয়া, কুমিরা-গুপ্তছড়া, বাঁশখালী-কুতুবদিয়া, পেকুয়া-কুতুবদিয়া, কক্সবাজার-মহেশখালী, টেকনাফ-সেন্ট মার্টিন ও নোয়াখালী-হাতিয়াসহ বিভিন্ন নৌপথে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সব ধরনের নৌযান চলাচল বন্ধ থাকবে।

সী ক্রুজ অপারেটর ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (স্কোয়াব) সাধারণ সম্পাদক হোসাইন ইসলাম বাহাদুর বলেন, আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক হলে দ্বীপে আটকে পড়া পর্যটকদের নিরাপদে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হবে। শনিবার আবহাওয়া অনুকূলে থাকলে রোববার থেকে পুনরায় জাহাজ চলাচল শুরু হতে পারে।

পর্যটকদের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। আপাতত আবহাওয়ার উন্নতির অপেক্ষায় রয়েছেন দ্বীপে অবস্থানরত পর্যটক, স্থানীয় জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট ব্যক্তিরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts