নিউজ প্রবাসী ডেস্ক:

পাবনার বেড়া উপজেলায় বিএনপি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর থেকে শুরু হওয়া এ সংঘর্ষ বিকেল পর্যন্ত থেমে থেমে চলতে থাকে। এতে উভয় পক্ষের কয়েকজন আহত হয়েছেন। সংঘর্ষের ভিডিও ধারণ করতে গিয়ে এক সংবাদকর্মী লাঞ্ছিত হয়েছেন এবং তাঁর ক্যামেরা ভাঙচুর করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার সন্ধ্যায় বেড়া মডেল থানার সামনে বিক্ষোভ করেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। পরে বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীদের ধাওয়ায় তাঁরা ছত্রভঙ্গ হয়ে যান। এর কিছুক্ষণ পর বৃশালিখা এলাকায় সাবেক ডেপুটি স্পিকার ও পাবনা-১ আসনের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুল হক টুকুর পরিত্যক্ত বাড়ির খড়ের পালায় আগুন দেওয়ার ঘটনা ঘটে। এরপর দুই পক্ষের সমর্থকদের অন্তত পাঁচ থেকে সাতটি বাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুরের অভিযোগ ওঠে।

এসব ঘটনার পর গত দুই দিন ধরে বেড়া পৌর এলাকার পায়না, বৃশালিখা, সওদাগরপাড়া ও হাতিগাড়াসহ কয়েকটি মহল্লায় উত্তেজনা বিরাজ করছিল। উভয় পক্ষের বিক্ষোভ মিছিল, ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনাও ঘটে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে শনিবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়। সভায় স্থানীয় সংসদ সদস্য সেলিম রেজা হাবিব, জেলা প্রশাসক আমিনুল ইসলাম, পুলিশ সুপার আবু আশ্রাফসহ প্রশাসনের কর্মকর্তা ও বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

স্থানীয় সাংবাদিকদের ভাষ্য, সভা শেষে বেড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নয়ন কুমার সরকার হাতিগাড়া এলাকায় পরিস্থিতি পর্যবেক্ষণে গেলে পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করেন বিএনপি-সমর্থিত কয়েকজন। এ সময় সংবাদ সংগ্রহ ও ভিডিও ধারণ করতে গেলে এক সংবাদকর্মী হামলা ও লাঞ্ছনার শিকার হন। তাঁর ক্যামেরাও ভাঙচুর করা হয়।

এরপর দুপুর সাড়ে ১২টার দিকে স্যানালপাড়া ও বৃশালিখা মহল্লায় সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকুর বাড়ির সামনে দুই পক্ষের নেতাকর্মীরা আবারও সংঘর্ষে জড়িয়ে পড়েন। একপর্যায়ে সংঘর্ষ আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ে। দেশীয় অস্ত্র নিয়ে ধাওয়া-পাল্টাধাওয়া এবং ইটপাটকেল নিক্ষেপে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। এ সময় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা পুলিশকে লক্ষ্য করেও ইটপাটকেল নিক্ষেপ করেন বলে জানা গেছে। পরিস্থিতি সামাল দিতে পুলিশ কয়েক রাউন্ড টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করে। বিকেল সাড়ে ৪টা পর্যন্ত থেমে থেমে সংঘর্ষ চলছিল। আহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

পাবনার পুলিশ সুপার আবু আশরাফ বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা বিশৃঙ্খলা সৃষ্টি করায় বিএনপির নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষ হয়েছে। এতে কয়েকজন আহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থলে থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে।

সংঘর্ষের ঘটনায় এলাকায় উত্তেজনা অব্যাহত থাকায় নতুন করে সহিংসতা এড়াতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts