নিউজ প্রবাসী ডেস্ক
শিশুদের উন্নত ও বিশেষায়িত চিকিৎসাসেবা নিশ্চিত করতে দেশের পাঁচ অঞ্চলে ২০০ শয্যাবিশিষ্ট শিশু হাসপাতাল চালুর উদ্যোগ নিয়েছে সরকার। আগামী ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে খুলনা, বরিশাল, রংপুর ও রাজশাহী বিভাগ এবং কুমিল্লায় হাসপাতালগুলো একযোগে চালু হওয়ার কথা রয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান আনুষ্ঠানিকভাবে হাসপাতালগুলোর উদ্বোধন করবেন।
নির্মাণকাজ শেষ হলেও প্রয়োজনীয় চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারী ও সরঞ্জামের অভাবে দীর্ঘদিন ধরে হাসপাতালগুলো চালু করা সম্ভব হয়নি। এবার প্রয়োজনীয় জনবল নিয়োগ ও চিকিৎসা সরঞ্জাম সরবরাহের উদ্যোগ নেওয়ায় সেগুলো চালুর প্রস্তুতি এগিয়েছে। হাসপাতালগুলো চালু হলে ঢাকার বাইরে শিশুদের বিশেষায়িত চিকিৎসা পাওয়ার সুযোগ বাড়বে এবং জটিল রোগে আক্রান্ত শিশুদের চিকিৎসার জন্য রাজধানীর ওপর নির্ভরতা কমবে বলে আশা করা হচ্ছে।
পাঁচটি হাসপাতালের জন্য মোট ১ হাজার ৪৪০টি পদ সৃষ্টি করা হয়েছে। এর মধ্যে উপপরিচালক পাঁচটি, সহকারী পরিচালক পাঁচটি, সিনিয়র কনসালটেন্ট ১০০টি, জুনিয়র কনসালটেন্ট ২০০টি এবং আবাসিক চিকিৎসকের ১০টি পদ রয়েছে। এ ছাড়া আবাসিক সার্জন ১৫টি, আবাসিক মেডিকেল অফিসার পাঁচটি, মেডিকেল অফিসার ৩২৫টি, সহকারী ডেন্টাল সার্জন ১০টি, জরুরি বিভাগের মেডিকেল অফিসার ২০টি এবং অ্যানেসথেশিয়া বিভাগের ২০টি পদ রাখা হয়েছে।
হাসপাতালগুলোর কার্যক্রম দ্রুত শুরু করতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় ইতোমধ্যে পাঁচ প্রতিষ্ঠানে উপপরিচালক পদে কর্মকর্তা নিয়োগ দিয়েছে। মঙ্গলবার স্বাস্থ্যসেবা বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী, রাজশাহী শিশু হাসপাতালে ডা. মো. বেলাল হোসেন, বরিশালে ডা. মো. মজিবর রহমান, রংপুরে ডা. মো. মোস্তফা জামান, কুমিল্লায় ডা. মো. জহিরুল ইসলাম এবং খুলনায় ডা. শওকত আলীকে পদায়ন করা হয়েছে। তাঁদের ২৯ নভেম্বরের মধ্যে নতুন কর্মস্থলে যোগ দিতে বলা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রতিটি হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ), কেন্দ্রীয় শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা এবং ভবিষ্যতে শয্যা ও চিকিৎসাসেবার পরিধি বাড়ানোর সুযোগ রাখা হয়েছে। হাসপাতালগুলোর আসবাবপত্র ও চিকিৎসা সরঞ্জাম কেনার দরপত্র প্রক্রিয়াও শেষ হয়েছে।
এর আগে গত ১০ মে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে এক জরুরি বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের ছয় বিভাগে অব্যবহৃত পড়ে থাকা ছয়টি শিশু হাসপাতাল দ্রুত চালুর নির্দেশ দেন। পাশাপাশি হাসপাতালগুলো সরেজমিনে পরিদর্শন করে প্রতিবেদন জমা দিতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশনা দেন তিনি। এরপর থেকেই হাসপাতালগুলো চালুর প্রস্তুতি জোরদার হয়।
প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ডা. এস এম জিয়াউদ্দিন হায়দার গত ৩১ অক্টোবর রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন শেষে জানান, বছরের শেষ দিকে প্রধানমন্ত্রী পাঁচটি শিশু হাসপাতাল একযোগে উদ্বোধন করবেন। এ জন্য প্রয়োজনীয় জনবল সৃষ্টির কাজ শেষ হয়েছে। চিকিৎসা সরঞ্জাম ও আসবাবপত্র কেনার প্রক্রিয়াও শেষ পর্যায়ে রয়েছে।
জানা গেছে, ২০০ শয্যার হাসপাতালগুলো চালুর জন্য নিউনেটাল ভেন্টিলেটর, সিটি স্ক্যান, এক্স-রে মেশিন, পোর্টেবল এক্স-রে, মাল্টিপ্যারামিটার ও কার্ডিয়াক মনিটর এবং ফটোথেরাপি মেশিনসহ প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম ইতোমধ্যে পৌঁছে দেওয়া হয়েছে।