নিউজ প্রবাসী ডেস্ক

মালির সামরিক জান্তা সরকারকে ক্ষমতায় টিকিয়ে রাখতে গিয়ে গত তিন বছরে অন্তত ৩৪৯ জন রুশ যোদ্ধার মৃত্যু হয়েছে। রাশিয়ার রাষ্ট্রীয় পরিসংখ্যান সংস্থার ফাঁস হওয়া নথি বিশ্লেষণ করে এ তথ্য প্রকাশ করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান।

মঙ্গলবার (২৪ নভেম্বর) প্রকাশিত এক অনুসন্ধানী প্রতিবেদনে বলা হয়, ২০২৩ সালের সেপ্টেম্বর থেকে ২০২৬ সালের সেপ্টেম্বর পর্যন্ত মালিতে নিহত রুশ যোদ্ধাদের মৃত্যুসনদ ও সরকারি নথি পর্যালোচনা করে এই সংখ্যা পাওয়া গেছে। রাশিয়ার রাষ্ট্রীয় পরিসংখ্যান সংস্থা রসস্ট্যাটের এসব নথি হ্যাকার গোষ্ঠী সাইবার পার্টিজানস ও সাইলেন্ট ক্রো হাতিয়ে নেয়। পরে সেগুলো বিশ্লেষণ করে দ্য গার্ডিয়ান।

প্রতিবেদন অনুযায়ী, গত ২৫ এপ্রিল মালির উত্তরাঞ্চলীয় শহর কিদালে বিদ্রোহীদের আকস্মিক হামলায় এক দিনেই ৪৩ জন রুশ যোদ্ধা নিহত হন। তাঁদের মধ্যে ছয়জন কিদালে এবং একজন পাশের আগুয়েলহকে প্রাণ হারান। অন্যদের মৃত্যু হয় রাজধানী বামাকো ও গাও শহরে। ওই হামলায় রুশ সামরিক বাহিনীর একটি হেলিকপ্টারও ভূপাতিত হয়।

আল-কায়েদার সঙ্গে সংশ্লিষ্ট সশস্ত্র গোষ্ঠী জেএনআইএম এবং তুয়ারেগ নেতৃত্বাধীন আজাওয়াদ লিবারেশন ফ্রন্ট (এফএলএ) যৌথভাবে হামলাটি চালায়। আত্মঘাতী গাড়িবোমা ও ড্রোন ব্যবহার করে তারা কিদালের প্রতিরক্ষা ভেঙে ফেলে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে পরদিন সকালে শহরটি ছেড়ে পিছু হটে রুশ ও মালির সরকারি বাহিনী।

এর আগে ২০২৩ সালের নভেম্বরে রুশ ভাড়াটে যোদ্ধাদের সহায়তায় কিদাল দখল করেছিল মালির সেনাবাহিনী। আফ্রিকায় রাশিয়ার ক্রমবর্ধমান প্রভাবের প্রতীক হিসেবে শহরটিকে তুলে ধরেছিল মস্কো।

দ্য গার্ডিয়ানকে পশ্চিমা দুই কর্মকর্তা জানিয়েছেন, ফাঁস হওয়া নথিতে রুশ যোদ্ধাদের মৃত্যুর যে হিসাব পাওয়া গেছে, তা আগের ধারণার চেয়ে অনেক বেশি। তাঁদের একজনের দাবি, মালিতে মোতায়েন রুশ বাহিনীর ১০ শতাংশেরও বেশি সদস্য নিহত হয়েছেন।

ওয়াগনার থেকে আফ্রিকা কর্পস

মালিতে রাশিয়ার সামরিক উপস্থিতির শুরু ২০২১ সালের শেষ দিকে। দেশটির তৎকালীন প্রেসিডেন্ট ইব্রাহিম বুবাকার কেইতাকে সামরিক অভ্যুত্থানে উৎখাতের এক বছর পর সেখানে প্রবেশ করে রুশ ভাড়াটে সেনা গোষ্ঠী ওয়াগনার। এর আগে মালির সামরিক জান্তার সঙ্গে সম্পর্কের অবনতির কারণে ফরাসি বাহিনী দেশটিতে দীর্ঘদিনের সন্ত্রাসবিরোধী অভিযান বন্ধ করে চলে যায়। এরপর রাশিয়া জান্তা সরকারের প্রধান বিদেশি সামরিক সহযোগী হয়ে ওঠে।

২০২৫ সালের জুনে ওয়াগনারের কাছ থেকে মালিতে সামরিক কার্যক্রমের দায়িত্ব নেয় রাশিয়ার আফ্রিকা কর্পস। রুশ সামরিক গোয়েন্দা সংস্থার ঘনিষ্ঠ তত্ত্বাবধানে পরিচালিত এই বাহিনী আফ্রিকার কয়েকটি দেশের সরকারকে নিরাপত্তা সহায়তা দিয়ে থাকে। এর বিনিময়ে অর্থ ও প্রাকৃতিক সম্পদভিত্তিক চুক্তির সুবিধা পায় মস্কো।

ব্রিটিশ গোয়েন্দাদের হিসাব অনুযায়ী, ২০২৫ সালের গ্রীষ্মে মালিতে প্রায় দুই হাজার আফ্রিকা কর্পস সদস্য মোতায়েন ছিল।

এক দিনে নিহত ৭০ রুশ যোদ্ধা

মালিতে রুশ বাহিনীর জন্য সবচেয়ে প্রাণঘাতী দিন ছিল ২০২৪ সালের ২৭ জুলাই। সেদিন আলজেরিয়া সীমান্তের কাছে তুয়ারেগ বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে কয়েক দিনের সংঘর্ষে ৭০ জন রুশ যোদ্ধা নিহত হন। তাঁদের মধ্যে ৬৯ জনের মৃত্যু হয় কিদাল অঞ্চলে।

ওই সংঘর্ষে নিজেদের সদস্যদের হতাহতের কথা স্বীকার করেছিল ওয়াগনার। তবে নিহতের সুনির্দিষ্ট সংখ্যা প্রকাশ করেনি গোষ্ঠীটি। রাশিয়ার বিভিন্ন সূত্রে নিহতের সংখ্যা ২০ থেকে ৮০ জনের বেশি বলে উল্লেখ করা হয়েছিল।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, মালিতে রুশ বাহিনীর বিরুদ্ধে লড়াইয়ে ইউক্রেন তুয়ারেগ বিদ্রোহীদের সহায়তা করছে। এ বিষয়ে অভিযানের সঙ্গে সংশ্লিষ্ট দুই ব্যক্তির বরাত দিয়েছে দ্য গার্ডিয়ান। এর আগে সিএনএনের এক প্রতিবেদনে স্থানীয় বিদ্রোহীদের সহায়তায় প্রায় ১৫ জন ইউক্রেনীয় বিশেষজ্ঞ মোতায়েনের তথ্য প্রকাশ করা হয়েছিল।

আফ্রিকার অন্য দেশেও রুশ হতাহতের তথ্য

ফাঁস হওয়া নথিতে আফ্রিকার অন্যান্য দেশে রাশিয়ার সামরিক কার্যক্রমে হতাহতের চিত্রও উঠে এসেছে। মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে ৩০ জন রুশ নাগরিকের মৃত্যুর তথ্য পাওয়া গেছে। দেশটিতে ওয়াগনার যোদ্ধারা প্রেসিডেন্ট ফস্তাঁ-আর্চাঞ্জ তুয়াদেরাকে নিরাপত্তা দিয়ে থাকে।

লিবিয়ায় রুশ বাহিনী পূর্বাঞ্চলীয় সামরিক কমান্ডার খলিফা হাফতারের পক্ষে কাজ করছে। দেশটির বিমানঘাঁটিগুলো ব্যবহার করে সাহেল অঞ্চলে রুশ সেনাদের রসদ সরবরাহ করা হয়। সেখানে নথিভুক্ত কয়েকটি মৃত্যুর সঙ্গে ২০২৬ সালের ফেব্রুয়ারিতে মাতেন আল-সাররা ঘাঁটিতে হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার ঘটনার সম্পর্ক থাকতে পারে।

নাইজারেও রুশ যোদ্ধাদের মৃত্যুর তথ্য রয়েছে। ফরাসি ও মার্কিন সেনাদের বহিষ্কারের পর দেশটির সামরিক জান্তার সঙ্গে নিরাপত্তা সহযোগিতা জোরদার করে মস্কো। গত জানুয়ারিতে নিয়ামি বিমানবন্দরে ইসলামিক স্টেটের হামলার দুই দিন পর এক রুশ যোদ্ধার মৃত্যু হয়।

এদিকে, মালিতে নিজেদের সামরিক অবস্থান পুনরুদ্ধারে সাম্প্রতিক সময়ে তৎপরতা বাড়িয়েছে রাশিয়া। গত ৬ অক্টোবর মালির সেনাবাহিনী ও আফ্রিকা কর্পস যৌথ বিমান ও স্থল অভিযান চালিয়ে কিদাল পুনর্দখলের দাবি করে।

যুক্তরাষ্ট্রভিত্তিক কনফ্লিক্ট ইনসাইটস গ্রুপের (সিআইজি) চলতি মাসের এক প্রতিবেদনে বলা হয়েছে, মালিতে ড্রোন হামলার ব্যবহার উল্লেখযোগ্যভাবে বাড়িয়েছে আফ্রিকা কর্পস। এসব হামলায় ল্যানসেট আত্মঘাতী ড্রোনও ব্যবহার করা হচ্ছে। এতে বেসামরিক মানুষ হতাহত হচ্ছেন বলে অভিযোগ করেছে সংস্থাটি। তাদের আশঙ্কা, বেসামরিক মানুষের প্রাণহানি বিদ্রোহী গোষ্ঠীগুলোর প্রতি স্থানীয় সমর্থন বাড়াতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts