নিউজ প্রবাসী ডেস্ক :
সাবেক সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারের মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার রাতে রাজধানীর লালমাটিয়া এলাকার একটি বাসা থেকে তাকে আটক করা হয়।
ডিবির ওয়ারী বিভাগের উপকমিশনার মোল্লা মোহাম্মদ শাহীন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তাঁর ভাষ্য অনুযায়ী, দেশের স্থিতিশীলতা নষ্ট করার ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগে ডরিনকে গ্রেপ্তার করা হয়েছে।
২৪ বছর বয়সী ডরিনের গ্রামের বাড়ি ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার নিশ্চিন্তপুর এলাকায়। তাঁর বাবা আনোয়ারুল আজীম আনার ঝিনাইদহ-৪ আসনের তিনবারের সংসদ সদস্য ছিলেন।
২০২৪ সালের ১১ মে চিকিৎসার উদ্দেশ্যে ভারতে যাওয়ার পর নিখোঁজ হন আনার। পরে কলকাতার একটি বাড়িতে তাঁকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে ভারতীয় পুলিশ জানায়। এ ঘটনায় কলকাতায় মামলা হওয়ার পাশাপাশি বাংলাদেশেও তদন্ত শুরু হয়।
বাবার নিখোঁজ ও হত্যার ঘটনায় বিচার দাবিতে সে সময় ডরিনকে বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দপ্তরে যোগাযোগ করতে দেখা যায়। ঢাকার শেরেবাংলা নগর থানায়ও তিনি একটি মামলা করেন।
তদন্তের একপর্যায়ে ভারতীয় পুলিশের তথ্যের ভিত্তিতে বাংলাদেশে কয়েকজনকে গ্রেপ্তার করা হয়। তাঁদের মধ্যে ছিলেন আমানুল্লা সাঈদ ওরফে শিমুল ভুঁইয়া, তানভীর ভুঁইয়া ও সেলেস্টি রহমান। পুলিশের তৎকালীন বক্তব্য অনুযায়ী, হত্যাকাণ্ডের পরিকল্পনায় আখতারুজ্জামান ওরফে শাহীন মিয়ার সংশ্লিষ্টতা ছিল।
পরবর্তী সময়ে রাজনৈতিক পটপরিবর্তনের পর মামলার তদন্ত কার্যক্রমে ধীরগতি আসে। গ্রেপ্তার আসামিদের অনেকে পর্যায়ক্রমে জামিনে মুক্তি পান। সর্বশেষ গত ১১ সেপ্টেম্বর শিমুল ভুঁইয়াকেও জামিন দেন হাইকোর্ট।
এদিকে ডরিনের বিরুদ্ধে আনা অভিযোগের বিস্তারিত এবং গ্রেপ্তারের পর তাঁর বিরুদ্ধে পরবর্তী আইনি পদক্ষেপ কী হবে, সে বিষয়ে বিস্তারিত তথ্য এখনো জানা যায়নি।