নিউজ প্রবাসী ডেস্ক :

ইরানে হিজাব ছাড়া কনসার্টে গান পরিবেশনের ঘটনায় গায়িকা পারাস্তু আহমাদিকে ৭৪ বার বেত্রাঘাত করা হয়েছে। একই সাজা পেয়েছেন তাঁর দলের আরও তিন সংগীতশিল্পী ও একজন প্রযোজক। দেশটির কোম শহরে সোমবার তাঁদের ওপর এ শাস্তি কার্যকর করা হয় বলে বিবিসিকে জানিয়েছেন আসামিপক্ষের আইনজীবী দলের এক সদস্য।

২৯ বছর বয়সী পারাস্তু ২০২৪ সালের ডিসেম্বরে সরাসরি সম্প্রচারিত একটি কনসার্টে হাতাকাটা পোশাক পরে গান পরিবেশন করেছিলেন। ইরানের প্রচলিত আইনে নারীদের জনসমক্ষে গান গাওয়ার ওপর নিষেধাজ্ঞা রয়েছে। পাশাপাশি তাঁদের হিজাব ও শালীন পোশাক পরা বাধ্যতামূলক।

ওই ঘটনার পর পারাস্তুসহ মোট নয়জনের বিরুদ্ধে অশালীন ভিডিও ও বিষয়বস্তু প্রকাশের মাধ্যমে সামাজিক শালীনতা নষ্ট করার অভিযোগ আনা হয়। অভিযোগ অস্বীকার করলেও গত জুনে কোমের একটি ফৌজদারি আদালত তাঁদের দোষী সাব্যস্ত করেন। বেত্রাঘাতের পাশাপাশি পারাস্তু ও তাঁর সঙ্গীদের দুই বছর সংগীত পরিবেশন এবং ভ্রমণের ওপর নিষেধাজ্ঞাও দেওয়া হয়।

রায়ের বিরুদ্ধে আপিল করেছিলেন পারাস্তু। তবে গত সেপ্টেম্বরে তাঁর আবেদন খারিজ করে দেন আপিল আদালত। পরে সোমবার কোম শহরের অপরাধদণ্ড কার্যকরকারী দপ্তরের তৃতীয় শাখায় তাঁদের বেত্রাঘাত করা হয়।

পারাস্তুর আইনজীবী বিবিসিকে জানান, সাজা কার্যকর ঠেকাতে তাঁরা সর্বোচ্চ চেষ্টা করেও সফল হননি।

ঘটনাটি প্রকাশ্যে আসার পর আন্তর্জাতিক পর্যায়ে সমালোচনা শুরু হয়েছে। বিভিন্ন মানবাধিকার সংগঠন এই শাস্তিকে নিষ্ঠুর ও অমানবিক বলে নিন্দা জানিয়েছে। যুক্তরাষ্ট্রভিত্তিক সেন্টার ফর হিউম্যান রাইটস ইন ইরানের এক কর্মকর্তা বলেন, নিজের পছন্দমতো পোশাক পরা ও গান গাওয়ার কারণে পারাস্তুকে শাস্তি দেওয়া তাঁর মৌলিক অধিকারের লঙ্ঘন।

অ্যামনেস্টি ইন্টারন্যাশনালও বেত্রাঘাতের ঘটনায় নিন্দা জানিয়েছে। সংস্থাটি এ ধরনের শাস্তিকে নিষ্ঠুর, অমানবিক ও মর্যাদাহানিকর বলে উল্লেখ করেছে।

ইরানে নারীদের জন্য কঠোর পোশাকবিধি নিয়ে দীর্ঘদিন ধরেই বিতর্ক ও প্রতিবাদ চলছে। ২০২২ সালে হিজাববিধি লঙ্ঘনের অভিযোগে নীতি পুলিশের হাতে আটক ২২ বছর বয়সী মাহশা আমিনির হেফাজতে মৃত্যুর পর দেশজুড়ে ব্যাপক বিক্ষোভ ছড়িয়ে পড়ে। তাঁর মৃত্যুর ঘটনা ইরানের পোশাকনীতি ও নারীদের অধিকার নিয়ে আন্তর্জাতিক আলোচনাকে আরও জোরালো করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts