নিউজ প্রবাসী ডেস্ক  :

দেশে হামের সংক্রমণ পরিস্থিতি উদ্বেগজনক অবস্থায় রয়েছে। গত ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গ নিয়ে আরও আট শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে নিশ্চিত ও সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন ১ হাজার ১০৯ জন।

বুধবার (২৫ নভেম্বর) সকাল ৮টা থেকে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ৮টা পর্যন্ত দেশের বিভিন্ন জেলায় এসব মৃত্যুর ঘটনা ঘটে। বৃহস্পতিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

চলতি বছর দেশে হামের সংক্রমণে মৃত্যুর সংখ্যা অতীতের রেকর্ড ছাড়িয়েছে। গত ১৫ মার্চ থেকে বৃহস্পতিবার পর্যন্ত হাম ও এর উপসর্গে সারা দেশে মোট ১ হাজার ৩৬৯ শিশুর মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে ১০৫ জনের মৃত্যু নিশ্চিতভাবে হামের কারণে হয়েছে। নিহতদের প্রায় সবাই শিশু।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এর আগে ২০০৬ সালে দৈবচয়নের ভিত্তিতে পরিচালিত এক জরিপে হামে চারজনের মৃত্যুর তথ্য পাওয়া যায়। পরবর্তী সময়ে ২০১৭ সালে সর্বোচ্চ ১০ জনের মৃত্যু হয়েছিল। এ ছাড়া ২০১৮ সালে ছয়জন এবং ২০২০ সালে সাতজনের মৃত্যুর তথ্য পাওয়া যায়।

চলতি বছরের জানুয়ারিতে কক্সবাজারের রোহিঙ্গা শিবিরে প্রথম হাম রোগী শনাক্ত হয়। পরবর্তী মাসে রাজধানীর কয়েকটি বস্তি এলাকায়ও সংক্রমণ দেখা দেয়। তবে সরকারিভাবে ১৫ মার্চ থেকে হাম আক্রান্ত রোগী ও মৃত্যুর পরিসংখ্যান প্রকাশ শুরু করা হয়।

ক্রমবর্ধমান সংক্রমণ ও মৃত্যুর ঘটনায় জনস্বাস্থ্য পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে। বিশেষ করে শিশুদের মধ্যে রোগটির বিস্তার ঠেকাতে পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts