নিউজ প্রবাসী ডেস্ক L
রংপুরের মাছুয়াপাড়ায় অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের চার সদস্যকে হত্যার ঘটনায় দুই আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দিয়েছে পুলিশ। তদন্তে হত্যাকাণ্ডের পেছনে মাদক সেবনে বাধা দেওয়ার বিষয়টি নয়, বরং চুরির উদ্দেশ্যই প্রধান কারণ হিসেবে উঠে এসেছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ কমিশনার মাহবুব রশিদ। এ মামলায় মুগ্ধ দাস ও সিদ্ধার্থ দাস নামে দুইজনকে অভিযুক্ত করা হয়েছে।
পুলিশ কমিশনার জানান, গত ২১ আগস্ট রংপুর জেলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী, তাঁর স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী, মেয়ে আগামী চক্রবর্তী এবং শিশু ছেলে আয়াশ চক্রবর্তীকে হত্যা করা হয়। তদন্তে উঠে এসেছে, দুই আসামি একে একে চারজনকে শ্বাসরোধ করে হত্যা করে। এ কাজে গামছা ও রশি ব্যবহার করা হয়েছিল।
মামলার তদন্ত শেষে ৫৩ জনকে সাক্ষী করা হয়েছে এবং ৬৩টি আলামত জব্দ করা হয়েছে। আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধির ৩০২, ৩৮০ ও ৩৪ ধারায় অভিযোগপত্র দাখিল করা হয়েছে বলে জানান পুলিশ কমিশনার।
তিনি আরও বলেন, আসামিরা মাদক সেবনের জন্য ওই বাড়িতে যায়নি; বরং চুরির উদ্দেশ্যে বাড়ির ছাদে অপেক্ষা করছিল। সময় কাটাতে তারা ইয়াবা সেবন করে। একপর্যায়ে চুরির বিষয়টি ধরা পড়ার আশঙ্কায় তারা পরিবারের সদস্যদের হত্যা করে। পরে বাড়ি থেকে নগদ ১৫ হাজার টাকা ও স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যায়।
তদন্তে জানা গেছে, গণপতি চক্রবর্তী অবসরে যাওয়ার পর প্রায় ৬০ লাখ টাকা অবসরভাতা পেয়েছিলেন। তাঁর স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী নিয়মিত দামি গয়না পরতেন। এসব বিষয় নজরে আসার পর বিপুল অর্থ ও স্বর্ণালংকার হাতিয়ে নেওয়ার পরিকল্পনা করে আসামিরা।
পুলিশ জানায়, হত্যাকাণ্ডে ব্যবহৃত গামছা ও রশি, আসামিদের খাওয়া শসার অংশসহ বিভিন্ন আলামত সিআইডি পরীক্ষা করেছে। পাশাপাশি আসামিদের ডিএনএ পরীক্ষায়ও তাঁদের সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে। আদালতে দেওয়া ১৬৪ ধারার জবানবন্দিতেও তাঁরা হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।
এদিকে, নিহতদের স্বজন ও স্থানীয় বাসিন্দারা জানান, ঘটনার পর তৎকালীন রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার আব্দুল মাবুদ মাত্র ছয় ঘণ্টার মধ্যে হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে মুগ্ধ দাস ও সিদ্ধার্থ দাসকে গ্রেপ্তার করেন। বর্তমানে তিনি রংপুর রেঞ্জের ডিআইজি হিসেবে দায়িত্ব পালন করছেন। তাঁর দ্রুত পদক্ষেপের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন তাঁরা।
সংবাদ সম্মেলনে মামলার তদারকি কর্মকর্তা ডিবি পুলিশের উপকমিশনার সনাতন চক্রবর্তী, যুগ্ম কমিশনার তোফায়েল আহমেদ, তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক জিন্নাত আলীসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।