
নড়াইল প্রতিনিধি:
নড়াইলের কালিয়া উপজেলায় ইব্রাহীম শেখ (৮০) নামে এক বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সকালে উপজেলার সালামাবাদ ইউনিয়নের বাঁকা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত ইব্রাহীম শেখ ওই গ্রামের মৃত করিম শেখের ছেলে। সকালে পরিবারের সদস্যরা তাকে ঘরে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির পাশের ঈদগাহ সংলগ্ন একটি গাব গাছের ডালের সঙ্গে গামছা প্যাঁচানো অবস্থায় তার মরদেহ ঝুলতে দেখা যায়।
খবর পেয়ে কালিয়া থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, ইব্রাহীম শেখ দীর্ঘদিন ধরে আর্থিক অসচ্ছলতার পাশাপাশি শারীরিক ও মানসিক নানা সমস্যায় ভুগছিলেন। এসব কারণে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন বলে স্বজনদের ধারণা।
কালিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইদ্রিস আলী জানান, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নড়াইল জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।