
নিজস্ব প্রতিবেদক /
পবিত্র রমজান মাসে নগরবাসীর নির্বিঘ্ন চলাচল ও যানজট কমাতে যশোর শহরে ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান শুরু করেছে যশোর পৌরসভা।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুর ১২টা থেকে দুপুর ২টা পর্যন্ত শহরের চৌরাস্তা মোড় থেকে শুরু হয়ে এমকে রোড হয়ে দড়াটানা পর্যন্ত এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সড়ক ও ফুটপাত দখল করে গড়ে ওঠা অস্থায়ী দোকান, অবৈধ স্থাপনা এবং বিভিন্ন সাইনবোর্ড অপসারণ করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন যশোর পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা জায়েদ হোসেন। পৌরসভা সূত্র জানায়, প্রথম ধাপের অভিযানে শতাধিক ফুটপাতের দোকান উচ্ছেদ করা হয়েছে। তবে অভিযানের পূর্বাভাস পেয়ে অনেক ব্যবসায়ী আগেই তাদের স্থাপনা সরিয়ে নেন।
প্রথম দফার অভিযান শেষে দড়াটানা হয়ে মুজিব সড়ক ও প্যারিস রোড এলাকায় দ্বিতীয় দফার অভিযান চালানোর পরিকল্পনার কথাও জানায় পৌর কর্তৃপক্ষ।
এ বিষয়ে পৌর নির্বাহী কর্মকর্তা জায়েদ হোসেন বলেন, শহরের ক্রমবর্ধমান যানজট নিরসন এবং সাধারণ মানুষের চলাচল সহজ করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। বিশেষ করে রমজান মাসে শহরের শৃঙ্খলা ও সৌন্দর্য বজায় রাখতে ফুটপাত দখল কোনোভাবেই বরদাশত করা হবে না।
অভিযানে আরও উপস্থিত ছিলেন ইন্সপেক্টর মনিরুজ্জামান নয়ন, আব্দুর রাজ্জাক মন্টু, দেলোয়ার হোসেন, সৈয়দ মোহাম্মদ আলী ও মেহেদী হাসান। পৌরসভা জানিয়েছে, জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।