নিউজ প্রবাসী ডেক্স :

দীর্ঘ ৫৪ বছর পর আবারও চাঁদের পথে যাত্রা শুরু করল মানুষ। NASA-এর আর্টেমিস-২ মিশনের মাধ্যমে চার নভোচারী এখন মহাকাশে অবস্থান করছেন, যারা চাঁদের কক্ষপথ ঘুরে পৃথিবীতে ফিরে আসবেন।
বাংলাদেশ সময় বৃহস্পতিবার ভোরে উৎক্ষেপণ হওয়া এই মিশনে অংশ নিয়েছেন রিড ওয়াইজম্যান, ভিক্টর গ্লোভার, ক্রিস্টিনা কোচ এবং কানাডার জেরেমি হ্যানসেন। প্রায় ১০ দিনের এই অভিযানে তারা চাঁদের চারপাশ প্রদক্ষিণ করবেন, তবে চাঁদের মাটিতে অবতরণ করবেন না।
এই মিশনের প্রধান লক্ষ্য হচ্ছে ভবিষ্যতের চন্দ্রাভিযান ও মঙ্গল মিশনের জন্য প্রযুক্তিগত সক্ষমতা যাচাই করা। বিশেষ করে ওরিয়ন মহাকাশযানের বিভিন্ন সিস্টেম—যেমন লাইফ সাপোর্ট, নেভিগেশন ও নিরাপত্তা ব্যবস্থা—পরীক্ষা করা হবে।
এবারই প্রথম মানুষ নিয়ে উড়ল ‘স্পেস লঞ্চ সিস্টেম (SLS)’ রকেট ও ওরিয়ন ক্যাপসুল। একই সঙ্গে এই মিশনে প্রথম নারী, প্রথম কৃষ্ণাঙ্গ এবং প্রথম অ-মার্কিন নভোচারী চাঁদের কক্ষপথে যাচ্ছেন—যা এটিকে আরও ঐতিহাসিক করে তুলেছে।
মিশন চলাকালে নভোচারীরা পৃথিবী থেকে প্রায় ৪ লাখ কিলোমিটারেরও বেশি দূরে অবস্থান করবেন, যা অতীতের যেকোনো মানবযাত্রার চেয়ে বেশি। এর মাধ্যমে ১৯৭০ সালের Apollo 13 মিশনের রেকর্ডও ছাড়িয়ে যাবে।
নাসার পরিকল্পনা অনুযায়ী, এই মিশনের সাফল্য ভবিষ্যতে ২০২৮ সালের মধ্যে চাঁদে মানুষ অবতরণের পথ সুগম করবে। পাশাপাশি এটি মঙ্গল গ্রহে মানব অভিযানের প্রস্তুতির একটি গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে বিবেচিত হচ্ছে।
নাসা কর্মকর্তারা বলছেন, চাঁদ হবে ভবিষ্যতের গভীর মহাকাশ অভিযানের প্রধান সোপান। এই মিশনের মাধ্যমে অর্জিত অভিজ্ঞতা আগামী দিনের মহাকাশ গবেষণাকে আরও এগিয়ে নেবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts