নিউজ প্রবাসী ডেক্স:

মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে পদ্মা ও মেঘনা নদীতে জারি করা ২২ দিনের নিষেধাজ্ঞা চলাকালে চাঁদপুরে ৬৪৬ জেলেকে আটক করা হয়েছে। তাঁদের মধ্যে ১৮৩ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। এ সময় মোট ৪ দশমিক ৭৩ টন ইলিশ এবং বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ করা হয়।

শুক্রবার (৩০ অক্টোবর) জেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় ও চাঁদপুর নৌ থানার পৃথক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

জেলা মৎস্য কর্মকর্তা মো. ফখরুল ইসলাম জানান, গত ৮ অক্টোবর রাত ১২টা থেকে ২৯ অক্টোবর রাত ১২টা পর্যন্ত চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীর মতলব উত্তর উপজেলার ষাটনল থেকে হাইমচরের চরভৈরবী পর্যন্ত প্রায় ৭০ কিলোমিটার এলাকায় মাছ আহরণ, ক্রয়-বিক্রয়, মজুত ও পরিবহনে নিষেধাজ্ঞা ছিল।

নিষেধাজ্ঞা বাস্তবায়নে জেলা ও উপজেলা টাস্কফোর্স ২৩৮টি অভিযান পরিচালনা করে। এ সময় আইন অমান্য করে মাছ ধরার অভিযোগে আটক ১৮৩ জেলেকে ৭২টি ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও জরিমানা করা হয়। তাঁদের কাছ থেকে জরিমানা হিসেবে আদায় করা হয়েছে ৩ লাখ ৯৬ হাজার ২০০ টাকা।

মৎস্য কর্মকর্তার কার্যালয়ের প্রতিবেদনে বলা হয়, এসব অভিযানে ২ দশমিক ৭৫৩ টন ইলিশ জব্দ করা হয়। পরে বিধি অনুযায়ী মাছগুলো স্থানীয় দুস্থ মানুষ, মাদ্রাসা ও এতিমখানায় বিতরণ করা হয়েছে। এ ছাড়া ১২ লাখ ১ হাজার ৯৯ মিটার নিষিদ্ধ জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস করা হয়। এসব জালের আনুমানিক বাজারমূল্য ২ কোটি ৭১ লাখ ৮০ হাজার টাকা। অভিযানের ঘটনায় ১৬১টি মামলা হয়েছে।

অন্যদিকে চাঁদপুর নৌ থানার ওসি আজমগীর হোসেন জানান, নিষেধাজ্ঞার ২২ দিনে নৌ পুলিশের অভিযানে ৪৬৩ জেলেকে আটক করা হয়। তাঁদের মধ্যে ৩৪৩ জনের বিরুদ্ধে নিয়মিত মামলা হয়েছে। বাকি ১২০ জন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় মুচলেকা নিয়ে অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়।

নৌ পুলিশের পক্ষ থেকে মোট ১৩২টি মামলা করা হয়েছে। এর মধ্যে পুলিশের ওপর হামলার ঘটনায় করা দুটি মামলাও রয়েছে। অভিযানে ৩০ লাখ ৯০ হাজার ৫৮৫ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। মামলার আলামত হিসেবে কিছু জাল সংরক্ষণ করে বাকিগুলো পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে। এ ছাড়া ৭৭টি মাছ ধরার নৌকা জব্দ রয়েছে।

নৌ পুলিশের অভিযানে উদ্ধার করা ১ দশমিক ৩২০ টন ইলিশও স্থানীয় দুস্থ মানুষ, মাদ্রাসা ও এতিমখানায় বিতরণ করা হয়েছে বলে জানান ওসি।

এদিকে নিষেধাজ্ঞা শেষ হওয়ায় বৃহস্পতিবার রাত ১২টার পর থেকে চাঁদপুরের নিবন্ধিত প্রায় ৪৪ হাজার জেলে আবারও পদ্মা-মেঘনা নদীতে মাছ ধরতে নেমেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts