
নিউজ প্রবাসী ডেক্স :
জ্বালানি সংকট মোকাবিলায় সরকারি দপ্তরের সময়সূচিতে বড় পরিবর্তন এনেছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, রোববার (৫ এপ্রিল) থেকে দেশের সব সরকারি অফিস সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চলবে।
এর আগে অফিস সময় ছিল সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত। নতুন নির্দেশনায় প্রতিদিন এক ঘণ্টা কম সময় অফিস খোলা থাকবে। পাশাপাশি বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে দেশের সব দোকান ও শপিংমল সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধ করার নির্দেশও ইতোমধ্যে কার্যকর হয়েছে।
গত ২ এপ্রিল অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়া হয়। সংশ্লিষ্টরা জানিয়েছেন, মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতির কারণে জ্বালানি সংকট দেখা দেওয়ায় এ উদ্যোগ নেওয়া হয়েছে।
সরকার বিদ্যুৎ ব্যবস্থাপনায়ও সাশ্রয়ী পরিকল্পনা হাতে নিয়েছে। প্রতিদিন প্রায় ৩ হাজার ১০০ মেগাওয়াট বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
এছাড়া ব্যয় কমাতে সরকারি গাড়ির জ্বালানি বরাদ্দ ৩০ শতাংশ হ্রাস করা হয়েছে। সরকারি কর্মকর্তাদের জন্য গাড়ি কেনায় সুদমুক্ত ঋণ সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।
সরকারি অর্থায়নে বিদেশে প্রশিক্ষণ কার্যক্রম স্থগিত এবং অভ্যন্তরীণ প্রশিক্ষণ ব্যয় অর্ধেকে নামিয়ে আনার সিদ্ধান্তও নেওয়া হয়েছে।